এসএসসির সব পরীক্ষায় পাহারায় থাকবে ছাত্রলীগ
আজ শুক্রবার থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার প্রতিটি কেন্দ্রেই পাহারায় ছিল ছাত্রলীগ। একইভাবে পরবর্তী প্রতিটি পরীক্ষার দিন সারা দেশের প্রতিটি কেন্দ্রে তাঁরা পাহারায় থাকবেন বলে জানিয়েছে ছাত্রলীগ।
ছাত্রলীগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ শুক্রবার ছাত্রসংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নেতারা জরুরি বৈঠকে বসেন। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, পরীক্ষার্থীদের নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রেই ছাত্রলীগসহ ছাত্রসংগ্রাম পরিষদের নেতারা থাকবেন।
এ ব্যাপারে জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান শুক্রবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘বিএনপি-জামায়াত জোটের হরতাল আর নাশকতার কারণে দুই দফায় পরীক্ষা পেছাতে হয়েছে। তারা দেশের শিক্ষার্থীদের জিম্মি করতে চায়। কিন্তু তারা যেন পরীক্ষার কেন্দ্রে কোনো নাশকতা করতে না পারে, সে কারণে আমাদের নেতা-কর্মীরা প্রতিটি কেন্দ্রের নিরাপত্তা বেষ্টনীর বাইরে পাহারা দিয়েছে। প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাদেরও একই নির্দেশ দেওয়া হয়েছে। ’