এক-এগারোর কুশীলবদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।
গতকাল বুধবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এ আহ্বান জানিয়ে বলেন, যারা বিভিন্ন গণমাধ্যমে অন্যায় চাপ প্রয়োগ করে মিথ্যা, মনগড়া ও চরিত্র হননকারী সংবাদ পরিবেশন করতে বাধ্য করত, তাদেরসহ সব কুশীলবকে খুঁজে বের করা প্রয়োজন।
বিবৃতিতে বলা হয়, ২০০৬ সালের ২৮ অক্টোবর বায়তুল মোকাররম উত্তর গেটে একটি শান্তিপূর্ণ সমাবেশে জামায়াত-শিবিরের ছয়জন নেতা-কর্মীকে লগি-বইঠা দিয়ে পিটিয়ে হত্যার ঘটনার সূত্র ধরে এক-এগারোর সৃষ্টি হয়। ওই সময় সেনা-সমর্থিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যাঁরা অংশগ্রহণ করেছিলেন, তাঁরা বলেছিলেন এ সরকার তাঁদের আন্দোলনের ফসল। তাঁরা সরকার গঠন করলে তাদের সব কর্মকাণ্ডের বৈধতা দেবেন। তাঁরাই আজ রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত। বর্তমান সরকার ওই সময়কার একজন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত নিয়োগ দেয়। তাঁর মেয়াদকাল তিনবার বৃদ্ধিও করা হয়।