এক ওয়ার্ডে ভোটার নেই, আরেকটিতে একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচন সামনে রেখে ভোটারের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কার্যালয়। তালিকা অনুযায়ী, একটি ওয়ার্ডে ভোটার নেই। আরেকটিতে রয়েছেন মাত্র একজন ভোটার। এ কারণে এ দুটি ওয়ার্ডে ভোট গ্রহণ করা হবে না।

 জেলা নির্বাচন কার্যালয় ২৪ নভেম্বর ওই তালিকা প্রকাশ করে। উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যরা ভোটার। তালিকা অনুযায়ী, মোট ভোটার ৪৫১ জন। এর মধ্যে ৩৪৬ জন পুরুষ ও ১০৫ জন নারী। ৩ নম্বর ওয়ার্ডে ভোটার নেই। ১৫ নম্বর ওয়ার্ডে উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান একমাত্র ভোটার।

জেলা পরিষদ নির্বাচন আগামী ২৮ ডিসেম্বর। এ-সংক্রান্ত সরকারি সিদ্ধান্তের জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা নির্বাচন কার্যালয় ওয়ার্ড বিভাজনের কাজ শুরু করে। এ জেলায় বর্তমান চারটি পৌরসভা ও ৩৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) পাশাপাশি নবগঠিত পাঁচটি ইউপিকে ধরে ১৫টি ওয়ার্ড বিভাজন করা হয়। চারটি পৌরসভার প্রতিটির সঙ্গে দুটি করে ইউপি যোগ করে চারটি ওয়ার্ড এবং বাকি ৩৩টি ইউপিকে সমান ভাগ করে ১১টি ওয়ার্ড গঠন করা হয়।

 নিয়মানুযায়ী, প্রতিটি ওয়ার্ডে তিনটি পরিষদ (তিনটি ইউপি অথবা একটি পৌরসভা ও দুটি ইউপি) রয়েছে। এতে জেলা পরিষদের প্রতিটি ওয়ার্ডে ৩৯ জন করে ভোটার থাকার কথা। এ ছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের বাড়ি যে ওয়ার্ডে, তিনি সেখানকার ভোটার হবেন। নবগঠিত পাঁচটি ইউপিতে নির্বাচিত চেয়ারম্যান ও সদস্য না থাকায় এগুলো যে ওয়ার্ডে পড়েছে, সেসব ওয়ার্ডে ভোটার সংখ্যা কমে গেছে।

 জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার বেগমপুর, তিতুদহ, শংকরচন্দ্র, দামুড়হুদা উপজেলার হাউলী ও পারকৃষ্ণপুর-মদনা এবং জীবননগর উপজেলার উথলী ইউপির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এ ছয়টি ইউপির চেয়ারম্যান ও সদস্যদের ভোটার তালিকাভুক্ত করা হয়নি। এতে সংশ্লিষ্ট ওয়ার্ডে ভোটারের তারতম্য হয়েছে।

 গতকাল শনিবার জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান প্রথম আলোকে বলেন, নবগঠিত পাঁচটি ইউপির কোনো অস্তিত্ব নেই। যে কারণে তালিকায় বিভিন্ন ওয়ার্ডে ভোটার কমবেশি হয়েছে।

জেলা প্রশাসক সায়মা ইউনুস বলেন, নির্বাচন কমিশনের আইন মেনেই সবকিছু করা হয়েছে।