এক কমিটিতে ১০ বছর পার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছরের জন্য দায়িত্ব নিয়ে ১০ বছর ধরে আছে চাঁদপুর জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটি। তবে কয়েকবার তারিখ ঠিক হলেও সম্মেলন হয়নি। দীর্ঘ সময় ধরে একটি কমিটি থাকায় নতুন নেতৃত্ব সৃষ্টি হচ্ছে না বলে মনে করছেন নেতা-কর্মীরা।
২০০৫ সালে সাবেক ঢাকা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী শামছুল হক ভূইয়াকে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলরদের বিভক্তি ভোটে আবু নইম পাটোয়ারীকে সাধারণ সম্পাদক করা হয়। পরবর্তী সময়ে হাতে গোনা কয়েকজন ছাড়া সভাপতি ও সাধারণ সম্পাদকের পছন্দের লোকদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি করা হয়।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বলেন, সাংগঠনিক কাজে দল ঐক্যবদ্ধ আছে। তবে দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় স্বাভাবিক সাংগঠনিক বিকাশ ব্যাহত হচ্ছে, এটা ঠিক। তিনি দাবি করেন, কিছু নেতা দলীয় পদ ব্যবহার করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চাঁদপুরে টেন্ডার নিয়ন্ত্রণ, জমি দখল, তদবির-বাণিজ্য করে দলকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি দ্রুত সম্মেলনের দাবি করেন।
জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ইউসুফ গাজী বলেন, স্থানীয়ভাবে অনেকেই চান না সম্মেলন হোক। তবে দলের ভেতর কোনো দ্বন্দ্ব নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা কমিটির একাধিক সদস্য বলেন, দল চলছে দু-একজনকে কেন্দ্র করে। তাঁদের ইচ্ছাই এখন দলের সিদ্ধান্ত। এই নেতারা বলেন, উপজেলা পর্যায়ে দলের কমিটির চেয়ে সাংসদেরা বেশি ভূমিকা রাখছেন।
চাঁদপুর-১ (কচুয়া) আসনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে জেলা আওয়ামী লীগ সভাপতি শামছুল হক ভূইয়া ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ ও শাহরাস্তি) আসনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এখন সাংসদ। এসব উপজেলায় তাঁদের ঘিরেই দলের কার্যক্রম চলছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নইম পাটোয়ারী বলেন, ‘আমাদের মেয়াদ শেষ হলেও দলের কার্যক্রম স্বাভাবিক ও নিয়মতান্ত্রিকভাবে চলছে। তবে কেন্দ্র থেকে সম্মেলন করতে নির্দেশ আছে। উপজেলা পর্যায়ে কাউন্সিলর নির্ধারণ হলে সম্মেলন করে নতুন কমিটি করতে বাধা নেই।’
সভাপতি শামছুল হক ভূইয়া বলেন, ‘বর্তমান কমিটির অনুমোদন আনতেই চার বছর লেগেছে। নতুন করে সম্মেলন হোক, নতুন কমিটি হোক আমিও চাই। কেন্দ্র থেকে নির্দেশ পেয়েছি, খুব শিগগির সম্মেলন হবে।’
আগামীকাল পড়ুন: খুলনা জেলার রাজনীতি