এক খায়রুলেই ২২ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দুই দশক আগে ছাত্রত্ব শেষ তাঁর। অথচ গত ২২ বছর ধরে ছাত্রলীগের নেতা তিনি। ১৯৯২ সাল থেকে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে আছেন। ছাত্রলীগের পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্যের দায়িত্বও রয়েছে তাঁর কাঁধে। ওই নেতার নাম খায়রুল আলম।
খায়রুল আলমের ভাষ্যমতে, উপজেলা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য হয়েও ছাত্রলীগ নেতা পরিচয় দিতে তাঁর লজ্জা লাগে। তবুও তিনি ছাত্রলীগের নেতৃত্ব ছাড়ছেন না। তিনি দাবি করেন, তিনি কয়েকবার ছাত্রলীগের নেতৃত্ব ছেড়ে দিতে চেয়েছেন। কিন্তু দলের দায়িত্ব দেওয়ার মতো যোগ্য নেতা খুঁজে না পাওয়ায় সেটা আর হয়নি। আবার ছাত্রলীগের জেলা কমিটির অভ্যন্তরীণ কোন্দলের কারণেও তাঁরা (জেলা কমিটি) সম্মেলন আয়োজন করার সাহস পাচ্ছেন না। বিষয়টি নিয়ে তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদেক কুরাইশীর সঙ্গে আলোচনা করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, ১৯৯২ সালে এক সম্মেলনে কাউন্সিলরদের ভোটে উপজেলা ছাত্রলীগের আইয়ুব আলী সভাপতি ও খায়রুল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। ১৯৯৫ সালে মাস্টার্স (স্নাতকোত্তর) পাস করার পর ছাত্রত্ব শেষ হয় তাঁর। সাধারণ সম্পাদক পদে ১০ বছর থাকার পর ২০০২ সালে তিনি সভাপতি পদের দায়িত্ব পান। এরপর ওই পদেই কাটিয়ে দিয়েছেন আরও ১২ বছর। এর মধ্যে ২০০৬ সালে বিয়ে করেছেন খায়রুল। বর্তমানে তিনি দুই সন্তানের জনক। পাশাপাশি একটি বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা করছেন তিনি। ২০১৩ সালের জানুয়ারি মাসে তাঁকে উপজেলা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্যের দায়িত্ব দেওয়া হয়।
অন্যদিকে, রানীশংকৈল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানও খায়রুলের হাত ধরে বর্তমান উপজেলা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্যের দায়িত্ব নিয়েছেন। তিনিও দুই সন্তানের জনক। মোস্তাফিজুর বলেন, ‘কীভাবে নেতৃত্ব ছাড়ব, তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। এ ছাড়া ২০০২ সালে গঠিত ৬১ সদস্যের এ কমিটির কোনো নেতারই এখন ছাত্রত্ব নেই। কমিটির অধিকাংশ সদস্য বিবাহিত।’
ছাত্রলীগের গঠনতন্ত্রে উপজেলা শাখা গঠনের অনুচ্ছেদের ‘খ’ ধারায় বলা হয়েছে, উপজেলা কমিটির কার্যকাল এক বছর। এ সময়ের মধ্যে উপজেলা শাখাকে নির্বাচিত নেতাদের হাতে দায়িত্বভার বুঝিয়ে দিতে হবে। কিন্তু এক বছর পর কমিটি মেয়াদোত্তীর্ণ হলেও নানা অজুহাতে সম্মেলন করেনি বর্তমান কমিটি।
গঠনতন্ত্রে জেলা কমিটি গঠনের অনুচ্ছেদে বলা আছে, প্রতিবছর জেলা শাখার নির্বাচনের আগে অবশ্যই জেলার অন্তর্ভুক্ত থানা বা উপজেলা শাখার নির্বাচন করতে হবে। কিন্তু ২০১২ সালে রানীশংকৈল উপজেলার মেয়াদোত্তীর্ণ কমিটি রেখেই ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সম্মেলন হয়।
ছাত্রলীগের রানীশংকৈল ডিগ্রি কলেজ শাখার ভারপ্রাপ্ত সভাপতি প্রসনজিৎ দাস মলয় বলেন, ‘১২ বছর ধরে ছাত্রলীগের সম্মেলন হয় না। মূল নেতৃত্বের দুজনই উপজেলা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর দায়িত্ব পেয়েছেন। এর পরও তাঁরা ছাত্রলীগের নেতৃত্ব কেন ধরে রেখেছেন এটা বুঝতে পারছি না। দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় ছাত্রলীগের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।’
রানীশংকৈল পৌরসভা ছাত্রলীগের সভাপতি তামিম হোসেন বলেন, যেসব কর্মীর ছাত্রলীগের নেতৃত্বে আসার মতো যোগ্যতা ছিল দীর্ঘদিন সম্মেলন না হওয়ার কারণে তাঁদের বয়স পেরিয়ে গেছে। নতুন নেতৃত্ব পেলে ছাত্রলীগ আবার চাঙা হয়ে উঠবে।
ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, নানা কারণে সম্মেলন করতে না পারায় রানীশংকৈল ছাত্রলীগে নতুন নেতৃত্ব আনা সম্ভব হয়নি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সইদুল হক বলেন, সংগঠনকে বাঁচাতে হলে এখনই নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদেক কুরাইশী বলেন, সম্মেলন করার জন্য জেলা থেকে উপজেলা আওয়ামী লীগে চিঠি পাঠানো হয়েছে।