এক গণ্ডমূর্খ আবোলতাবোল বকছে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। দেশে ফিরে তারেক রহমানকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং তাঁর বিচার হবে বলে জানিয়েছেন তিনি।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, ‘স্বাধীনতার মাসে লন্ডন থেকে এক গণ্ডমূর্খ আবোলতাবোল বকছে। সে কী বলছে, তা নিজেও জানে না। দেশে এলে তার অপকর্মের বিচার হবে।’ তিনি আরও বলেন, তারেককে দেশে এসে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। বিলেতে বড় বড় কথা বলে কোনো লাভ হবে না।

মহান বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার বেলা তিনটার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, মানুষ এখন আর দেশে অশান্তি চায় না। কিন্তু বিএনপি দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন ষড়যন্ত্র করছে। এতে কোনো লাভ হবে না। তাদের এ ধরনের কার্যকলাপ যেখানেই হবে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান, ঢাকা–৬ আসনের সাংসদ কাজী ফিরোজ রশিদ, নারায়ণগঞ্জ–২ আসনের সাংসদ নজরুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ প্রমুখ বক্তব্য দেন।