বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রলীগের সম্মেলন এক দশকেও হয়নি। তা ছাড়া, বিশ বছর ধরে ইউনিয়ন কমিটি ও পাঁচ বছরেও গঠন করা হয়নি পৌর কমিটি। এতে সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ছাত্রলীগ নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, উপজেলা ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন হয় ২০০৭ সালে। সর্বশেষ কমিটি গঠন করা হয় ২০১৩ সালে। তখন বরিশাল সার্কিট হাউসে বসে অসীম কুমার ঘরামিকে সভাপতি ও জালিস মাহমুদকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াবাত ও সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক। পরবর্তী সময়ে নয় সদস্যের কমিটি গঠন করা হয়।
উজিরপুর কলেজ ছাত্রলীগের সভাপতি মো. জুলহাস বলেন, উপজেলা ছাত্রলীগের ওই কমিটির নেতাদের অনেকের ছাত্রত্ব শেষ হয়ে গেছে। বর্তমানে তাঁরা বিবাহিত ও সন্তানের বাবা। নিজেদের সংসার নিয়েই ব্যস্ত। সংগঠনের কোনো কার্যক্রমে তাঁদের দেখা যায় না। উপজেলা ছাত্রলীগের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী মো. ইয়াসিন হোসেন বলেন, কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন ২৫ জুলাইয়ের মধ্যে উজিরপুর উপজেলা, পৌর ও সব ইউনিয়নে নতুন কমিটি গঠনের নির্দেশ দিয়ে উপজেলা কমিটিকে চিঠি দেন। ওই চিঠি ১৪ জুলাই নেতারা হাতে পেলেও কোনো উদ্যোগ নেননি। উজিরপুর ছাত্রলীগকে গতিশীল করতে হলে কমিটি নতুন করে গঠন করা জরুরি।
উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম কুমার ঘরামি বলেন, ছাত্রলীগের মূল আদর্শ ও চেতনার পরিপন্থী লোকজন এই অভিযোগ করেছেন। তবে তিনি নিজে বিবাহিত এই কথা স্বীকার করে কেন্দ্রীয় নির্দেশ উপেক্ষিত হওয়ার বিষয়ে বলেন, ‘এখনো এ ধরনের কোনো চিঠি হাতে পাইনি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াবাত বলেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে সম্মেলনের মাধ্যমে সব কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।