ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা বিএনপির ছয় সদস্যের কার্যকরী কমিটি ঘোষণার এক দিনের মধ্যে তিনজন পদত্যাগ করেছেন। গঠনতন্ত্র মেনে কমিটি হয়নি—এমন অভিযোগ এনে কমিটি থেকে পদত্যাগ করেন জ্যেষ্ঠ সহসভাপতি সাদেকুর রহমান, সহসভাপতি জাকির হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ।
ওই তিনজন জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান ও সদস্যসচিব জহিরুল হকের কাছে গতকাল মঙ্গলবার পদত্যাগপত্র জমা দেন।
এদিকে কমিটি বাতিলের দাবিতে গতকাল সকালে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছে সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি জহিরুল হক ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের পক্ষ। পদত্যাগী নেতারাও জহিরুল হক-বলয়ে যুক্ত হয়ে একই দাবিতে মাঠে আছেন।
বিএনপির নেতা সূত্র জানায়, বেলা পৌনে ১১টার দিকে দলীয় কার্যালয়ে জহিরুল ইসলামের সভাপতিত্বে ওই সমাবেশ হয়। বক্তব্য দেন সাদেকুর রহমান, জাকির হোসেন, শাহজাহান সিরাজ, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, সাবেক সহসভাপতি মিজান খাঁ, কবির সিকদার ও হানিফ সিকদার, উপজেলা যুবদলের সদস্যসচিব মহিউদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক শুভ চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সজল সিকদার প্রমুখ।
বক্তারা বলেন, খালেদা জিয়ার উপদেষ্টা মুশফিকুর রহমান ও বিএনপির কেন্দ্রীয় পর্ষদের ভাইস চেয়ারম্যান হারুন আল রশিদ সম্পর্কে মামা-ভাগনে। মামা-ভাগনে মিলে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির রাজনীতির কবর রচনা করছেন। তাঁদের দেওয়া একেকটি সিদ্ধান্ত আত্মঘাতী। সর্বশেষ কারও কোনো মতামত না নিয়ে আশুগঞ্জে কমিটি ঘোষণা তার আরও একটি দৃষ্টান্ত। বর্তমান কমিটিকে পকেট কমিটি এবং টাকার বিনিময়ে মুশফিকুর ও হারুন নেতা ঘোষণা করেছেন বলে বক্তারা দাবি করেন।
সমাবেশ থেকে কমিটি বাতিলে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়। এ সময়ের মধ্যে কমিটি বাতিল করা না হলে হরতাল, অবরোধসহ কঠোর কর্মসূচি দিয়ে অচলাবস্থা সৃষ্টির ঘোষণা দেন বক্তারা। পরে সমাবেশ শেষে তাঁরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন।
অভিযোগের বিষয়ে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হারুন আল রশিদ জানান, তাঁরা চাইলেই যেমন পূর্ব দিকের সূর্য পশ্চিম
দিকে উঠবে না, তেমনি কোনো হুমকিতে কমিটি বাতিলের সুযোগ নেই। কমিটি গঠনে কোনো অস্বচ্ছ পথ অবলম্বন করা হয়নি বলেও তিনি দাবি করেন।
তবে মুঠোফোন বন্ধ থাকায় চেষ্টা করেও মুশফিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
গত রোববার রাতে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু আসিফ আহমেদকে সভাপতি এবং বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক নাসির মিয়াকে সাধারণ সম্পাদক করে ছয় সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা করে জেলা কমিটি।