সম্মেলন নিয়ে বিভক্ত হয়ে আছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ। নেতাদের একাংশ সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব আশা করছে। আরেকাংশ চায় কেন্দ্র থেকে কমিটি করে দেওয়া হোক। বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে সাড়ে আট বছর আগে।
তৃণমূলের চাপে এ পর্যন্ত জেলা কমিটির সম্মেলনের জন্য পাঁচ দফা তারিখ ঘোষণা করা হয়েছে দাবি করে কয়েকজন নেতা প্রথম আলোকে বলেন, ২০১৪ সালের ২৫ ডিসেম্বর ছিল সম্মেলন হওয়ার সর্বশেষ তারিখ। কিন্তু কোন্দল আর নানামুখী তৎপরতায় তা হয়নি।
দলের নেতারা জানান, ২০০৩ সালের ২০ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ কে এম মোজাম্মেল হক সভাপতি ও সালাহ উদ্দিন আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০৫ সালের ২৭ মে এ কে এম মোজাম্মেল হক মারা গেলে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান সহসভাপতি এ কে আহমদ হোসাইন।
নাম প্রকাশে অনিচ্ছুক দলের কয়েকজন নেতা জানান, ভারপ্রাপ্ত সভাপতি আইন পেশা নিয়ে কক্সবাজার আদালতে এবং সাধারণ সম্পাদক নিজের ব্যবসা নিয়ে জেলার বাইরে ব্যস্ত থাকেন। ফলে দলের সাংগঠনিক কার্যক্রম চলছে মূলত শহর আওয়ামী লীগ ও ছাত্রলীগ দিয়ে। আবার মেয়াদোত্তীর্ণ কমিটির কিছু নেতার বিরুদ্ধে জমি দখল-বেদখলসহ নানা অভিযোগ আছে। ফলে দলের সাংগঠনিক কার্যক্রমে কর্মীদের ধরে রাখা কঠিন হয়ে পড়েছে।
তবে ভারপ্রাপ্ত সভাপতি এ কে আহমদ হোসাইন বলেন, আইন পেশায় ব্যস্ত থাকলেও তিনি দলের সব কর্মসূচিতে উপস্থিত থাকেন। সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদও একই কথা বলেন। কয়েকজন নেতা জমি দখল-বেদখলে জড়িত থাকায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে স্বীকার করেন সালাহ উদ্দিন আহমদ।
ভারপ্রাপ্ত সভাপতি এ কে আহমদ হোসাইন বলেন, ‘নানা কারণে জেলা কমিটির সম্মেলন করা যাচ্ছে না। কমিটি এখন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের হাতে। আমরা এখন সেদিকে তাকিয়ে আছি।’
জেলা যুবলীগের সভাপতি খুরশেদ আলম বলেন, তৃণমূলের নেতা-কর্মীরা চান সম্মেলনের মাধ্যমে জেলার নেতৃত্ব তৈরি হোক। কিন্তু বর্তমান কমিটি সম্মেলন করতে রাজি না। তাই তারা কেন্দ্রের দিকে তাকিয়ে আছে।
খুরশেদ আলম বলেন, সম্মেলন না হলে যোগ্য নেতৃত্ব আসবে না। ফলে দলীয় কোন্দল আরও বাড়বে।
দলের একাধিক নেতা দাবি করেন, জেলা আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতার কোন্দলের কারণে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতেই আওয়ামী লীগের প্রার্থীর ভরাডুবি ঘটে। ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে জেলার আটটি উপজেলার মধ্যে টেকনাফ, চকরিয়া ও মহেশখালীতে আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করলেও অন্য পাঁচটিতে জিতেন বিএনপি-জামায়াতের প্রার্থী। এই নেতারা বলেন, এখন কেন্দ্র থেকে বিতর্কিত নেতাদের দিয়ে নতুন জেলা কমিটি চাপিয়ে দেওয়া হলে দলের অবস্থা আরও খারাপ হবে।
দলীয় সূত্রমতে, জেলা কমিটির জন্য তিনটি পৃথক প্রস্তাব কেন্দ্রে পাঠানো হয়। তিন প্রস্তাবেই কক্সবাজার শহর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক প্রার্থী করা হয়েছে। আর সভাপতি পদে তিন প্রার্থী হলেন সালাহ উদ্দিন আহমদ, নজরুল ইসলাম চৌধুরী ও এ কে আহমদ হোসাইন।
এ প্রসঙ্গে মুজিবুর রহমান বলেন, ‘তিনটি পৃথক কমিটিতেই আমাকে সাধারণ সম্পাদক হিসেবে রাখা হয়েছে। এটা আমার জন্য সম্মানের। কিন্তু কমিটি কখন ঘোষণা হবে তা আমি বলতে পারব না।’
সভাপতি প্রার্থী সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘কমিটি ঘোষণার দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। তিনি যে সিদ্ধান্ত দেবেন আমরা তা মানতে বাধ্য।’
সালাহ উদ্দিন আহমদ ও নজরুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, তাঁরা সম্মেলনের পক্ষে। ইতিমধ্যে উখিয়া, সদর কক্সবাজার, চকরিয়া, পেকুয়া, টেকনাফ, রামু উপজেলা আওয়ামী লীগের সম্মেলন শেষ করা হয়েছে। বাকি দুই উপজেলা মহেশখালী ও কুতুবদিয়ার সম্মেলনের প্রস্তুতি চলছে। কিন্তু দলের কতিপয় নেতার বিরোধিতার কারণে সম্মেলন করা যাচ্ছে না। তাঁরা বলেন, দলের কোন্দল নিরসনে নির্দিষ্ট সময়ের জন্য আহ্বায়ক কমিটি গঠন করে সম্মেলন শেষ হোক, তৃণমূলের নেতা-কর্মীরা এটাই আশা করেন।