এক পক্ষ জানাল অভ্যর্থনা, আরেক পক্ষ অনাস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান জেলা বিএনপির নতুন কমিটিকে ঘিরে পুরোনো দ্বন্দ্ব আবারও চরম আকার ধারণ করেছে। নতুন কমিটির সভাপতি মাম্যাচিং ও সাধারণ সম্পাদক জাবেদ রেজাকে গতকাল সোমবার অভ্যর্থনা জানায় নেতা-কর্মীদের একটি অংশ। অন্যদিকে নতুন কমিটির প্রতি অনাস্থা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে দলের আরেক পক্ষ।
গতকাল বেলা ১১টায় শহরের চৌধুরী মার্কেট এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বান্দরবান পৌরসভা বিএনপির নেতারা। তাঁরা দাবি করেন, মাম্যাচিং মারমাকে সভাপতি ও জাবেদ রেজাকে সাধারণ সম্পাদক করে কেন্দ্র থেকে যে কমিটি চাপিয়ে দেওয়া হয়েছে, সেই কমিটি তাঁরা মেনে নেবেন না। তাঁরা বলেন, অস্বচ্ছ প্রক্রিয়ায় নতুন কমিটি করা হয়েছে। দলের সভানেত্রীর কাছে বান্দরবানে দলের বাস্তব পরিস্থিতি গোপন করেছেন কিছু নেতা। তাঁরা বলেন, ২১ সদস্যের নতুন কমিটির মধ্যে ১২ জন তাঁদের নাম প্রত্যাহার করে নিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জ্যেষ্ঠ সহসভাপতি ফেরদৌস হায়দার রুশো, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক কবির আহমদ প্রমুখ। তাঁরা সবাই জেলা বিএনপির সদ্য বিদায়ী কমিটির সভাপতি সাচিংপ্রু জেরির পক্ষের নেতা হিসেবে পরিচিত।
২ মার্চ কেন্দ্র থেকে মাম্যাচিংকে সভাপতি ও তাঁর পক্ষের নেতা হিসেবে পরিচিত জাবেদ রেজাকে সাধারণ সম্পাদক করে বান্দরবান জেলা বিএনপির নতুন কমিটি (আংশিক) ঘোষণা করা হয়।
বান্দরবানের বোমাং রাজপরিবারের প্রভাবশালী দুই সদস্যকে ঘিরে জেলা বিএনপির রাজনীতি বিভক্ত। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন মাম্যাচিং (রাজপরিবারের বধূ)। অন্য পক্ষে রয়েছেন সাচিংপ্রু জেরি। সম্পর্কে তাঁরা মামি (মাম্যাচিং) ও ভাগনে।
এদিকে জেলা কমিটির সাধারণ সম্পাদক হওয়ার পর গতকাল ঢাকা থেকে বান্দরবানে আসেন জাবেদ রেজা। তাঁকে স্বাগত জানাতে বিশাল গাড়িবহর ও মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে বান্দরবান স্টেশনে যান নেতা-কর্মীরা। পরে গাড়িবহর নিয়ে জেলা শহরের উজানীপাড়ায় মাম্যাচিং মারমার বাসভবনে যান জাবেদ রেজা। সেখান থেকে জাবেদ রেজা দলীয় কার্যালয়ে না গিয়ে জজকোর্ট এলাকায় তাঁর ব্যক্তিগত কার্যালয়ে যান।
নতুন কমিটির সভাপতি হওয়ার পর এখনো দলীয় কার্যালয়ে না যাওয়ার বিষয়ে মাম্যাচিং প্রথম আলোকে বলেন, ‘আস্তে আস্তে সব ঠিক হবে। তখন অবশ্যই সবাই দলীয় কার্যালয়ে যাব।’