মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর কোরবানির পশুর অস্থায়ী হাটের ইজারার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জেরে এক পক্ষ আরেক পক্ষের ওপর হামলা চালিয়েছে। গতকাল রোববার দুপুরে গজারিয়া উপজেলা পরিষদ কার্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার সময় গুলিবিদ্ধ অবস্থায় আল আমিন (২৭) ও শিপু (২৬) নামের দুজনকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ রাসেল (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, গতকাল ছিল রসুলপুর পশুর হাটের দরপত্র জমাদানের শেষ দিন। নিজেরা ছাড়া অন্য কেউ যাতে দরপত্র ফেলতে না পারে, সে জন্য ইমামপুর এলাকার রাসেলসহ কয়েকজন অস্ত্রসহ পাহারা দিতে থাকেন। বেলা আড়াইটার সময় আল আমিনসহ অন্যরা দরপত্র জমা দিতে এলে রাসেলের নেতৃত্বে হামলা চালানো হয়। এ সময় আল আমিন ও শিপু গুলিবিদ্ধ হন। খবর পেয়ে পুলিশ এসে রাসেলকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে নয়টি গুলিসহ একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী তাঁর ইমামপুরের বাড়ি থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রাসেলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে গজারিয়া থানায় কয়েকটি মামলা রয়েছে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেদায়েতুল ইসলাম বলেন, হাটের ইজারা নিয়ন্ত্রণ নিয়ে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাৎক্ষণিকভাবে একজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।