এক পক্ষের দেওয়া তালা ভেঙে কার্যালয় দখল অন্য পক্ষের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষের কর্মীরা গতকাল শনিবার স্থানীয় কার্যালয়ের তালা ভেঙে তা দখলে নিয়েছেন। এর আগে স্থানীয় সাংসদ ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের পক্ষের নেতা-কর্মীরা ওই কার্যালয়ে তালা দেন।
দলের স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার নেতৃত্বে কয়েক শ নেতা-কর্মী দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। সেখানে সমাবেশে বক্তব্য দেন এস এম রুহুল আমিন, গাজী গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম ও মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুল ইসলাম, উপজেলা যুবলীগের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আযাহারুল ইসলাম প্রমুখ। পরে কার্যালয়ের তালা ভেঙে সভাপতি ও সাধারণ সম্পাদক ভেতরে ঢোকেন।
এস এম রুহুল আমিন বলেন, সম্পূর্ণ অগঠনতান্ত্রিকভাবে কার্যালয়ে তালা দেওয়া হয়েছিল। নেতা-কর্মীরা প্রতিদিন বিভিন্ন কাজে কার্যালয়ে আসেন। গত ২২ জানুয়ারি থেকে তাঁরা পথে পথে ঘুরছিলেন। তাঁদের সমস্যার কথা বিবেচনা করে তালা ভেঙে নেতা-কর্মীরা কার্যালয় মুক্ত করেছেন।
আওয়ামী লীগের স্থানীয় সূত্র আরও জানায়, ২২ জানুয়ারি সভাপতি ও সাধারণ সম্পাদক চারটি ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন করেন। এসব কমিটি নিয়মতান্ত্রিক হয়নি দাবি করে ইসমাত আরা সাদেকের পক্ষের নেতা-কর্মীরা পরদিন উপজেলা শহরে শোডাউন করে সভাপতি ও সাধারণ সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা করেন। তাঁরা ওই দুজনের অপসারণ দাবি করেন। এ সময় তাঁরা দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। গত শুক্রবার বিকেলে তাঁরা কার্যালয়ের তালা খোলেন। পৌর মেয়র রফিকুল ইসলাম, দলের উপজেলা কমিটির সহসভাপতি তপন কুমার ঘোষ ও শাহাদত হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রেবা ভৌমিক ভেতরে ঢোকেন। এ সময় তাঁরা বলেন, এখন থেকে প্রতিদিন দলীয় কার্যালয় খুলবে।
ইসমাত আরা সাদেকের পক্ষের নেতা ও পৌর মেয়র রফিকুল ইসলাম বলেন, প্রতিমন্ত্রীর নির্দেশে দলীয় কার্যালয় খুলে দেওয়ার পরও সভাপতি ও সম্পাদক যেভাবে তালা ভেঙে কার্যালয় দখলে নিয়েছেন তাতে বিএনপি-জামাতের স্বার্থ হাসিল হয়েছে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহীদুল ইসলাম গতকাল রাত নয়টার দিকে বলেন, কার্যালয়ের সামনে সকালে পুলিশ মোতায়েন করা হয়েছিল। এখন পরিস্থিতি শান্ত।