কুষ্টিয়ার খোকসা উপজেলা যুবলীগের নেতা আবু ওবাইদা শাফির বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলার প্রতিবাদে স্থানীয় যুবলীগের একাংশ বিক্ষোভ সমাবেশ করেছে। অন্যদিকে স্থানীয় যুবলীগের কেন্দ্রঘোষিত অংশ খোকসা শহরে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে। এ সময় খোকসা শহরজুড়ে ব্যাপক নিরাপত্তা ছিল।
যুবলীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক মাস আগে কুষ্টিয়া জেলা কমিটির দেওয়া খোকসা উপজেলা কমিটিতে আবু ওবাইদা শাফিকে আহ্বায়ক করা হয়। সম্প্রতি ওই উপজেলা যুবলীগের ২১ সদস্যের একটি আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় কমিটির অনুমোদিত কমিটিতে আল-মাসুম মোর্শেদ শান্তকে আহ্বায়ক করা হয়। ওই কমিটির অনুমোদনপত্র ২৩ জানুয়ারি নেতাদের হাতে তুলে দেওয়ার সময় কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাংসদ আবদুর রউফ উপস্থিত ছিলেন। ওই কমিটি থেকে বাদ পড়েন শাফি ও তাঁর অনুসারীরা। এতে ক্ষিপ্ত হন শাফি।
২৩ জানুয়ারি রাত ১২টার দিকে ফেসবুকে শাফির আইডিতে আপলোড করা ভিডিওতে দেখা যায়, শাফি রাস্তা দিয়ে হাঁটছেন আর কথা বলছেন। তাঁর সঙ্গে রয়েছেন বেশ কিছু লোকজন। এ সময় সম্ভবত মুঠোফোনে তাঁকে অন্য কারও সঙ্গে বলতে দেখা গেল, ‘এখানে...এমপিকে (আবদুর রউফ) দাবড়ানো হবি। আমি হচ্ছি আমার ফেসবুকে লাইভে দেখাচ্ছি, দেখেন।’
গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সাংসদ আবদুর রউফের খালাতো ভাই ও কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাদী হয়ে আবু ওবাইদা শাফিকে প্রধান আসামি করে একটি মামলা করেন। মামলার প্রতিবাদে গতকাল শুক্রবার সকালে খোকসায় উপজেলা যুবলীগের ব্যানারে খোকসা বাসস্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সমাবেশ করেন ওবাইদা পক্ষের লোকজন।
মামলার তীব্র প্রতিবাদ জানিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম বলেন, ‘কোনো পকেট কমিটি আমরা মানি না। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক।’
এদিকে প্রতিবাদ সমাবেশ শেষ হওয়ার একটু পরেই যুবলীগের নবগঠিত কমিটির আহ্বায়ক আল-মাসুম মোর্শেদের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। এ সময় নবগঠিত কমিটির সদস্যরাসহ কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সাংসদ আবদুর রউফ উপস্থিত ছিলেন।
আল-মাসুম মোর্শেদ বলেন, ‘নেতা-কর্মীরা আমাকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করে। তাই আমরা আগে থেকেই বাসস্ট্যান্ডে প্রচার শুরু করি। কিন্তু তাঁরা (ওবাইদা) আমাদের অনুষ্ঠান বানচাল করার জন্য নানা চেষ্টা করছেন।’