পটুয়াখালীর বাউফলে বিএনপির এক পক্ষ প্রশাসনের অনুমতি না পাওয়ায় সমাবেশ করতে পারেনি বলে অভিযোগ উঠেছে। আর অন্য পক্ষ ছয় বছর পর বাসভবনের সীমানাপ্রাচীরের ভেতরে গতকাল মঙ্গলবার বাউফল উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন করেছে। সকাল সাড়ে ১০টার দিকে সম্মেলন শুরু হয়। চলে বেলা পৌনে দুইটা পর্যন্ত।
দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রব মিয়া। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এ কে এম ফারুক আহম্মেদ তালুকদার।
সম্মেলনের প্রধান অতিথি আবদুর রব মিয়া পূর্বের উপজেলা কমিটির সভাপতি এ কে এম ফারুক আহম্মেদ তালুকদার ও সাধারণ সম্পাদক শহিদুর রহমান তালুকদারকে যথাক্রমে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করেন। বাউফল পৌর বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা মিয়া ও সাধারণ সম্পাদক মো. হুমায়ন কবিরকে ফের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা হয়। এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কয়েক শ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সোহরাব হোসেন বলেন, গতকাল সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করা হলে অনুমতি দেওয়া হয়নি।