বিএনপির এক পদ নীতির বিপক্ষে অবস্থান নিয়েছেন বরিশাল মহানগর বিএনপির বেশির ভাগ নেতা। তাঁরা কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ারকে দুই পদেই রাখার দাবি করেছেন।
গত বৃহস্পতিবার দুপুরে মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকদের নিয়ে বৈঠকও করেছেন তাঁরা। ওই বৈঠক থেকে মজিবর রহমানকে মহানগরের পদ না ছাড়তে অনুরোধ জানানো হয়। নেতারা বলেন, মজিবর রহমানকে মহানগর থেকে পদত্যাগ করতে হলে তাঁরাও গণপদত্যাগ করবেন।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন প্রথম আলোকে বলেন, এক পদ নীতির বাইরে কাউকে রাখতে হলে সেটার সিদ্ধান্ত নেবেন দলের চেয়ারপারসন। কিন্তু দুই পদে রাখার দাবি তোলা, বৈঠক করা কিংবা চাপ দেওয়া দলের জন্য কোনো ভালো দৃষ্টান্ত নয়। এভাবে হলে অন্য জেলাও দাবি তুলবে। এটা কোনোভাবেই ঠিক নয়।
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জিয়াউদ্দিন সিকদার বলেন, মজিবর রহমান দক্ষিণাঞ্চলের বিএনপির কান্ডারি। তিনি বরিশালের রাজনৈতিক অভিভাবকও। এ মুহূর্তে মহানগর বিএনপির পদ থেকে তিনি সরে গেলে দলের ক্ষতি হবে। তাই এক পদ নীতির প্রতি শ্রদ্ধা রেখেই বিশেষ বিবেচনায় মজিবর রহমানকে দুটি পদে রাখার জন্য অনুরোধ জানাচ্ছেন তাঁরা।
দলের চেয়ারপারসনের বরাত দিয়ে জিয়াউদ্দিন আরও বলেন, এক নেতার এক পদ হলেও বিশেষ বিবেচনায় এক নেতার দুই পদও হতে পারে। এর জন্য ১০ শতাংশ কোটা রাখা হয়েছে। ওই কোটায় মজিবর রহমানকে রাখার জন্য জোর দাবি জানাচ্ছেন তাঁরা।
বৃহস্পতিবার মহানগর বিএনপির সহসভাপতি মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে ওই বৈঠকে সহসভাপতি সরদার রফিকুল ইসলাম, মনিরুল আহসান, সৈয়দ আহসান কবির ও শামীমা আকবার বক্তব্য রাখেন। এ সময় মহানগর বিএনপির ৩০টি ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকেরা উপস্থিত ছিলেন।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক নেতা বলেন, দুই পদে থাকতে মজিবর রহমান তাঁর অনুসারীদের দিয়ে ওই বৈঠক করিয়েছেন।
এ ব্যাপারে মজিবর রহমান সারোয়ার প্রথম আলোকে বলেন, দলের গুরুত্বপূর্ণ দুটি পদে কেউ থাকতে পারবে না, এমন একটি সিদ্ধান্ত হয়েছে। নেতৃত্বের বিকাশ ঘটানোর জন্য এটা খুব ভালো উদ্যোগ। তবে এর জন্য সময় দিতে হবে। হঠাৎ করে এই নীতি বাস্তবায়ন করতে গেলে বিএনপি রাজনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বে। তিনি বলেন, ‘আমার মহানগর পদ ছাড়ার জন্য এখনো কোনো নির্দেশনা পাইনি। মহানগর বিএনপির নেতারা বৈঠক করেছেন শুনেছি। কিন্তু ওই বৈঠক করানোর পেছনে আমার কোনো ভূমিকা নেই।’