এক প্রার্থীকে দুই দলের মনোনয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জেপি) মনোনয়ন পেয়েছেন মো. দেলোয়ার হোসেন। তবে দুই দলের মনোনয়ন পেলেও গতকাল শনিবার দুপুরে দেলোয়ার হোসেন জাতীয় পার্টির (জেপি) মনোনীত প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দেলোয়ার হোসেন শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। তিনি পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর দল জাতীয় পার্টির (জেপির) সমর্থক।
দুই দলের মনোনয়ন পাওয়া প্রসঙ্গে জানতে চাইলে দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি জাতীয় পার্টির সাধারণ সদস্য। এ কারণে জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশী ছিলাম। আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্য আমি কোনো আবেদন করিনি। আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর তালিকায় নাম দেখে আমি অবাক হয়েছি।’
কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নূরুল হক বলেন, ‘আমাদের পাঠানো তালিকায় শুধু উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দুলাল তালুকদারের নাম ছিল। তবে কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে দেলোয়ারকে মনোনয়ন দেয়।’ দেলোয়ার আওয়ামী লীগের সমর্থক না হলেও কীভাবে মনোনয়ন পেলেন তা নিয়ে সর্বত্র আলোচনা চলছে।
তবে একটি সূত্র জানায়, দেলোয়ার হোসেন কোনো রাজনৈতিক দলের সক্রিয় কর্মী নন, এমন বিবেচনায় আওয়ামী লীগের সমর্থক প্রার্থী হিসেবে তাঁর নাম কেন্দ্রে গেছে। সম্ভবত এ কারণে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা খান জুলহাস কবীর বলেন, দেলোয়ার হোসেন জাতীয় পার্টির (জেপি) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।