এক বছর পর ক্যাম্পাসে গেল 'সিএফসি ও ক্যাম্পাস ছাত্রলীগ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক বছর ক্যাম্পাসের বাইরে থাকার পর গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন ‘সিএফসি ও ক্যাম্পাস ছাত্রলীগ’ পক্ষের নেতা-কর্মীরা। গত শনিবার রাতে সমঝোতার পর দুই পক্ষই বিভেদ ভুলে সহাবস্থানে থাকার নিশ্চয়তা দেন। গতকাল বিতাড়িত পক্ষ ক্যাম্পাসে যাওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার ক্যাম্পাসমুখী শাটল ট্রেনে করে সিএফসি ও ক্যাম্পাস ছাত্রলীগ পক্ষের প্রায় শতাধিক নেতা-কর্মী ক্যাম্পাসে যান। বেলা ১১টার দিকে ক্যাম্পাসে পৌঁছে তাঁরা রেলস্টেশন থেকে শোডাউন করে শহীদ মিনার, কলা ও মানববিদ্যা অনুষদ ও ঝুপড়িসহ বিভিন্ন জায়গা বিচরণ করেন।
বিতাড়িত নেতা-কর্মীরা গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করেন। এ সময় উপাচার্যকে তাঁরা তাঁদের সমস্যার কথা তুলে ধরেন। এ সময় উপাচার্য তাঁদের প্রক্রিয়ার মাধ্যমে আবাসিক হলে তুলে দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে সিএফসি ও ক্যাম্পাস ছাত্রলীগ পক্ষের বেশ কয়েকজন নেতা প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ‘ভিএক্স’ পক্ষের নেতাদের নিয়ন্ত্রণে ছিল ক্যাম্পাস। এই পক্ষকে উপাচার্য সমর্থন দিয়ে আসছিলেন। তাঁরা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী বলে দাবি করেন। একইভাবে মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ‘সিএফসি ও ক্যাম্পাস ছাত্রলীগ’ প্রায় এক বছর ধরে ক্যাম্পাসের বাইরে ছিল। এই দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিল।
সিএফসি ও ক্যাম্পাস ছাত্রলীগ পক্ষের নেতা অমিত কুমার বসু বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আমরা মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছি। একসঙ্গে আগের মতো সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলন করে যাব।’
ভিএক্স পক্ষের নেতা এস এম আরিফুল ইসলাম বলেন, ‘মহিউদ্দিন চৌধুরীর নির্দেশে আমরা বৈধ শিক্ষার্থীদের নিয়ে সাম্প্রদায়িক অপশক্তি রুখতে আন্দোলন চালিয়ে যাব।’
এদিকে গত শনিবার রাতে নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে বিবদমান দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়। সেখানে বিভিন্ন সমস্যার সমাধান ছাড়াও শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়। পাশাপাশি শাটল ট্রেনের গায়ে লেখা বিভিন্ন বগিভিত্তিক নাম মুছে দিতে রেলওয়ে কর্তৃপক্ষকে প্রশাসন তাগাদা দেবে।
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ট্রেনের বগিভিত্তিক নাম নিয়ে সমস্যা হচ্ছে। এতে ছাত্রলীগের মধ্যে বিবেদ বাড়ছেই। তাই ট্রেনের সবগুলো বগি থেকে নামগুলো মুছে ফেলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হবে, যাতে ভবিষ্যতে কেউ যেন বগিভিত্তিক রাজনীতি করতে না পারে।’