সম্মেলনের এক বছর পর ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। গত বৃহস্পতিবার কেন্দ্রীয় আওয়ামী লীগের সভায় ৭১ সদস্যবিশিষ্ট জেলা কমিটির অনুমোদন দেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দলীয় সূত্রে জানা গেছে, ১০ বছর পর ২০১৪ সালের ১৬ অক্টোবর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে কাউন্সিলরদের ভোটে ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ দবিরুল ইসলাম সভাপতি ও সাদেক কুরাইশি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনের আট মাস পর সভাপতি ও সাধারণ সম্পাদক একটি কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেন। প্রস্তাবিত কমিটি জমা দেওয়ার পাঁচ মাস পর কেন্দ্রীয় আওয়ামী লীগের সভায় জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে সহসভাপতি পদে ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ ইমদাদুল হক, মকবুল হোসেন (বাবু), আবদুল মান্নান, মোহাম্মদ আলী মুফতি, মাহবুবুর রহমান, শেখর কুমার রায়, মাহবুবুর রহমান ও সংরক্ষিত আসনের সাংসদ সেলিনা জাহানসহ নয়জনের নাম রয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেয়েছেন দীপক কুমার রায়, তোজাম্মেল আলম ও আ স ম গোলাম ফারুক। সাংগঠনিক সম্পাদক পদে আছেন ফজলুল হক, মোস্তাক আলম ও মাজহারুল ইসলাম, মহিলা সম্পাদক পদে আয়েশা সিদ্দিকা, শিক্ষাবিষয়ক সম্পাদক পদে হাবিব আহমেদ উলুব্বী, ক্রীড়া সম্পাদক হিসেবে মিজানুর রহমান চৌধুরী, দপ্তর সম্পাদক পদে জুলফিকার আলী ভুট্টো ও প্রচার সম্পাদকের দায়িত্ব পেয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।
সাদেক কুরাইশী বলেন, পূর্ণাঙ্গ কমিটি না থাকায় জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝিমিয়ে পড়েছিলেন। এখন কমিটি পেয়ে তা কেটে গেছে।
দবিরুল ইসলাম বলেন, কমিটির দায়িত্ব পাওয়া নেতারা এখন থেকে আরও আন্তরিকভাবে দলের কাজ করতে পারবেন আশা করেন তিনি।