নীলফামারী জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনের এক বছর পূর্তির আগেই ফের সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির যুগ্ম দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত এক চিঠিতে ১২ ফেব্রুয়ারি ওই সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়।
ওই চিঠিতে জেলা জাপার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাংসদ শওকত চৌধুরীকে আহ্বায়ক এবং কমিটির যুগ্ম সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ কে এম সাজ্জাদ পারভেজকে সদস্যসচিব করে ৭১ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছে।
ওই চিঠিতে ছয় মাসের মধ্যে ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা, উপজেলা কমিটি গঠন করে জেলা কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। তবে ওই চিঠিতে জেলা কমিটি বিলুপ্ত করার কথা উল্লেখ নেই।
রাজ্জাক খান বলেন, ‘চলতি মাসের ১১ তারিখ গঠনতন্ত্রের ২০-১ (ক) ধারায় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ জেলা কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন। সেই আলোকে আমি ওই পত্র পাঠিয়েছি।’
এ বিষয়ে জেলা জাতীয় পার্টির জ্যেষ্ঠ সহসভাপতি ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মাহাবুব আলী বলেন, ‘নির্বাচিত কমিটির মেয়াদ পূর্তির আগে কীভাবে ওই কমিটিকে বিলুপ্ত ঘোষণা ও সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে, সেটা আমার জানা নেই।’
নবঘোষিত আহ্বায়ক কমিটির সদস্যসচিব সাজ্জাদ বলেন, জেলা কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। কমিটির সভাপতি ঢাকায় অবস্থান করেন। এ কারণে জেলায় দলীয় কোনো কর্মসূচি নেই। এমনকি জাতীয় কোনো দিবস দলের পক্ষে উদ্যাপন করা যায় না। এ কারণে পার্টির চেয়ারম্যান ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহ্বায়ক কমিটি গঠন করেছেন।
তবে জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক সাংসদ জাফর ইকবাল সিদ্দিকী বলেন, ‘জেলা কমিটি বিলুপ্ত করা হয়নি ও সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণার চিঠিও আমি পাইনি।’
প্রসঙ্গত, জেলা জাতীয় পার্টির সর্বশেষ দ্বিবার্ষিক সম্মেলন হয় গত বছরের ৬ মার্চ।