এক বছরের কমিটিতে নয় বছর
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৫ সালে। সম্মেলনে উপজেলা ছাত্রলীগের এক বছরমেয়াদি ৫১ সদস্যের কমিটি গঠিত হয়। এতে জিয়াউদ্দিন ওরফে বাবলু সভাপতি ও রেজাউল করিম ওরফে বাচ্চু সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সেই কমিটি এখন নয় বছর পার করছে। কমিটির দায়িত্বশীল নেতারা ব্যবসা আর সংসার নিয়ে ব্যস্ত থাকায় স্থবির হয়ে পড়েছে সংগঠনটির কার্যক্রম। কেন্দ্রঘোষিত কর্মসূচি ছাড়া আর কোনো কার্যক্রম নেই বলে জানান কর্মী-সমর্থকেরা।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা ছাত্রলীগের কয়েকজন কর্মী জানান, বর্তমানে ছাত্রলীগের কোনো কর্মকাণ্ড চোখে পড়ে না। শুধু দলের বড় কোনো অনুষ্ঠানে নিজেদের নাম ও পদবি ব্যবহার করে নেতারা বক্তব্য দেন। সভাপতি জিয়াউদ্দিন ঠিকাদারি আর সংসার নিয়ে ব্যস্ত। একই অবস্থা সাধারণ সম্পাদক রেজাউল করিম ও সাংগঠনিক সম্পাদক (১) জাহিদুল ইসলামের। আরেক সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব ওরফে সুজন ইটভাটার ব্যবসা নিয়ে ব্যস্ত। বর্তমানে তিনি শূন্য ঘোষিত সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে দলের মনোনয়ন পেতে চেষ্টা করছেন। প্রচার সম্পাদক জুয়েল মাহমুদ আকন্দ বছর তিনেক আগে রায়গঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তখন থেকে তিনি আর ছাত্রলীগের পরিচয় দেন না। এ রকম আরও কয়েকজন মূল দলে স্থান করে নিয়েছেন।
এদিকে প্রায় পাঁচ বছর আগে রায়গঞ্জ পৌর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হলেও আজ পর্যন্ত সম্মেলন করা হয়নি। পৌর ছাত্রলীগের কয়েকজন কর্মী বলেন, নেতারা পদ আঁকড়ে থাকায় নতুন নেতৃত্বের বিকাশ ঘটছে না।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, ‘বিভিন্ন কারণে ঠিক সময়ে ছাত্রলীগের কমিটি গঠন করা যায়নি। তবে বর্তমানে সেই প্রক্রিয়া শুরু হয়েছে।’
সভাপতি জিয়াউদ্দিন বলেন, ‘কয়েকটি ওয়ার্ড ও একটি কলেজ শাখার কমিটি গঠন করা হয়েছে। পর্যায়ক্রমে সব ইউনিটের সম্মেলন শেষ করে অল্প দিনের মধ্যে উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হবে।’