যশোর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে ঠাঁই মিলল না এই জেলার সাবেক ও বর্তমান চারজন সাংসদের। ঘোষিত ৭১ সদস্যের কমিটিতে স্থান পাওয়া ৬০ জনই সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদারের অনুসারী বলে পরিচিত। বাকি ১১ জন সাংসদ কাজী নাবিল আহমেদের অনুসারী।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলনে শহিদুল ইসলামকে জেলা সভাপতি ও শাহীন চাকলাদারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এক বছরেরও বেশি সময় পর গত ২০ মার্চ দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির সভায় জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। গত সোমবার রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তা প্রকাশ করা হয়েছে।
আওয়ামী লীগের স্থানীয় সূত্র জানায়, জেলা আওয়ামী লীগ দুই অংশে বিভক্ত। এক অংশের নেতৃত্বে রয়েছেন শাহীন চাকলাদার। অপর অংশের নেতৃত্বে সদর আসনের (যশোর-৩) সাংসদ কাজী নাবিল আহমেদ। জেলা সভাপতি শহিদুল ইসলাম এই সাংসদের পক্ষে রয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে শীর্ষস্থানীয় কয়েকজন নেতা বলেন, মাস ছয় আগে শহিদুল ইসলাম ও শাহীন চাকলাদার ৭১ জনের পৃথক দুটি তালিকা কেন্দ্রীয় কমিটির কাছে পাঠান। অনুমোদিত কমিটিতে শাহীনের দেওয়া তালিকা থেকে ৬০ জন ও শহিদুলের তালিকা থেকে ১১ জনের নাম এসেছে। এর ফলে বলতে গেলে জেলা আওয়ামী লীগ শাহীন চাকলাদারের হাতের মুঠোয় চলে গেল।
এ ব্যাপারে জানতে চাইলে সভাপতি শহিদুল ইসলাম বলেন, ‘নেত্রী যা করেছেন ভালোই করেছেন। এ বিষয়ে আমি মন্তব্য করব না।’ আর সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেন, ‘কেন্দ্রীয় কমিটি তালিকা যাচাই-বাছাই করে ৭১ জনের কমিটির অনুমোদন দিয়েছে। কমিটিতে যারা এসেছেন, তাঁরা সবাই নিবেদিত কর্মী। তা ছাড়া আমার লোকজন যদি রাজপথে থাকেন, তা হলে তাঁরা কেন কমিটিতে ঠাঁই পাবেন না?’
বর্তমান ও সাবেক চার সাংসদ পদবঞ্চিত: ঘোষিত এই কমিটিতে আগের কমিটির সভাপতি ও সাবেক সাংসদ আলী রেজা রাজু, আগের কমিটির কোষাধ্যক্ষ ও যশোর-৫ আসনের বর্তমান সাংসদ স্বপন ভট্টাচার্য এবং সাবেক সাংসদ খালেদুর রহমান টিটো ও খান টিপু সুলতানের ঠাঁই হয়নি।
এ ব্যাপারে শাহীন চাকলাদার বলেন, ‘নেত্রী চাননি তাঁদের কেউ জেলা কমিটিতে আসুক।’
নারীনেত্রীরা বঞ্চিত: ৭১ সদস্যের কমিটিতে স্থান পেয়েছেন মাত্র তিনজন নারী। এ অবস্থায় তৃণমূল নারীনেত্রীরা ক্ষুব্ধ হয়েছেন। ঠাঁই পাওয়া এই তিনজন হলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, যশোর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোকেয়া পারভীন ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নূর জাহান ইসলাম নীরা।
জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নূর জাহান ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দলের সকল পর্যায়ের কমিটিতে ৩৩ শতাংশ নারী রাখার আন্দোলন রয়েছে আমাদের। জননেত্রী শেখ হাসিনাও এ ব্যাপারে আন্তরিক। কিন্তু এবারের জেলা কমিটিতে মাত্র তিনজন নারীকে রাখা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। যেখানে কমপক্ষে ২৩ জন নারীর নাম আসার কথা ছিল।’
আগের কমিটির মহিলাবিষয়ক সম্পাদিকা ও যশোর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেতারা খাতুনের নামও এবারের কমিটিতে আসেনি। ক্ষুব্ধ সেতারার বক্তব্য, ‘যেখানে বর্তমান আওয়ামী লীগ সরকার নারীর ক্ষমতায়নের কথা বলছে, নারীকে এগিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীও আন্তরিক; সেখানে যশোরকে পিছিয়ে দেওয়া হলো। কমিটিতে আট উপজেলার আওয়ামী লীগের অনুসারী ছয়জন মহিলা ভাইস চেয়ারম্যানকে অন্তর্ভুক্ত করা যেত।’
জানতে চাইলে শাহীন চাকলাদার বলেন, ‘এই প্রথম সবচেয়ে বেশিসংখ্যক নারী কমিটিতে আসার সুযোগ পেয়েছেন। এর আগে এক থেকে দুজনের বেশি নারী কখনো ছিলেন না। এবার তিনজন এসেছেন। পর্যায়ক্রমে আরও বাড়বে।’