এক মন্ত্রীর মদদে শ্রমিকদের ধর্মঘট: ফখরুল
পরিবহনশ্রমিকদের ধর্মঘটে সরকারের একজন মন্ত্রী মদদ দিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এ অভিযোগ করেন। ২০০৯ সালে বিডিআর বিদ্রোহে পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, পরিবহন ধর্মঘটের পেছনে যিনি মদদ জোগাচ্ছেন, তিনি সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী। শুধু তিনি নন, তাঁর সঙ্গে একজন প্রতিমন্ত্রীও ছিলেন। একটি অরাজক পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, মানুষ দুর্ভোগে পড়েছে। সরকার এই সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে।
বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হওয়ার ঘটনা প্রসঙ্গে মির্জা ফখরুল দাবি করেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। পরিকল্পিত চক্রান্তের মাধ্যমে দেশের জাতীয় নিরাপত্তাব্যবস্থা ধ্বংস করা ও সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতে সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়। যে মহল বাংলাদেশকে স্বাধীন, সার্বভৌম দেখতে চায় না, তারা এ ঘটনা ঘটিয়েছে। ভবিষ্যতে সঠিক তদন্ত করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা হবে।
গ্যাসের দাম বাড়ানোর সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, এটা সম্পূর্ণ অনৈতিক ও অযৌক্তিক। তিনি দাবি করেন, এখন সরকার বিচার বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম—সব নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কারণ, তারা একদলীয় শাসন কায়েম করতে চায়। মিথ্যা মামলা দিয়ে দেশকে কারাগারে পরিণত করেছে।
সাবেক সেনাপ্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান রহুল আলম চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।