রাজধানীর পল্টন থানায় দায়ের করা নাশকতার একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৩ জন নেতা-কর্মীর বিরুদ্ধে গতকাল সোমবার অভিযোগপত্র দিয়েছে পুলিশ। তাঁদের মধ্যে ২০ জনকে পলাতক দেখিয়ে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।
এদিকে রমনা থানায় করা বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গতকাল অভিযোগপত্র আমলে নিয়ে আদালত বিএনপি নেতা সাদেক হোসেন খোকাসহ ২৪ জন নেতা-কর্মীর বিরুদ্ধে পরোয়ানা জারি করেন।
পল্টন থানায় করা নাশকতার মামলায় গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলাটির তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মুমিনুল ইসলাম।
মির্জা ফখরুলের আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, মির্জা ফখরুল ইসলামের বিরুদ্ধে ৭৮টি মামলা রয়েছে। এর মধ্যে আগে ২৭টি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। পাঁচটি মামলায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচারকাজ শুরু হয়েছে।
অভিযোগপত্রভুক্ত অন্যান্যের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লা, আবদুল আউয়াল মিন্টু, শহীদ উদ্দীন চৌধুরী, খায়রুল কবির, হাবিব-উন-নবী খান ও শিমুল বিশ্বাস।
এ মামলায় বরকতউল্লা, হাবিব-উন-নবী খান, মীর শরাফত আলী, সাইফুল আলম, আক্রামুল হাসান, ইসহাক সরকার, লোকমান হোসেন, আলী রেজাউর রহমান, শহিদুল ইসলাম, লিয়ন হোসেন, ইমরান হোসেন ভূঁইয়াসহ ২০ জনকে পলাতক দেখিয়ে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেছে পুলিশ।
মামলায় অভিযোগ করা হয়, ২০১৫ সালের ৬ জানুয়ারি পল্টন থানাধীন বঙ্গবন্ধু স্টেডিয়াম ও রাজউক ভবনের মধ্যবর্তী স্থানে বিএনপির অবরোধ চলাকালে বিআরটিসির বাসে যাত্রী হত্যার উদ্দেশ্যে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া একটি ব্যক্তিগত গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় বিআরটিসির বাসের চালক মিল্টন আলী বিশ্বাস বাদী হয়ে এ মামলা করেন।
সাদেক হোসেনসহ ২৪ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি: রমনা থানায় করা বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার অভিযোগপত্র আমলে নিয়ে সাদেক হোসেন খোকাসহ ২৪ জনের বিরুদ্ধে গতকাল পরোয়ানা জারি করেন আদালত। ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।
সাদেক হোসেন ছাড়া অন্য যাঁদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা শফিকুর রহমান ও শফিকুল ইসলাম, বিএনপির নেতা কামাল হোসেন, মনির হোসেন ও আশরাফ হোসেন।
২০১৫ সালের ১৭ আগস্ট ডিবি পুলিশের উপপরিদর্শক দীপক কুমার দাস বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ, বরকতউল্লা, জামায়াতের নেতা শফিকুর রহমান, শফিকুল ইসলামসহ ৩৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
২০১৩ সালের ৩০ নভেম্বর মালিবাগ চৌধুরীপাড়ায় সুপ্রভাত পরিবহনের একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশাকে চাপা দিলে আতিকুর রহমান নামে একজন নিহত হন। এ ঘটনায় রমনা থানার এসআই জহিরুল ইসলাম এ মামলা করেন।