এক মাসে তিন কমিটি তিনটিই স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে এক মাসে উপজেলা বিএনপির দুটি আহ্বায়ক কমিটি ও একটি বোর্ড গঠন করা হয়েছিল। কোন্দলের কারণে শেষ পর্যন্ত তিনটিই স্থগিত করা হয়েছে। পরপর তিনবার সিদ্ধান্ত বদল করায় তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা হতাশ, ক্ষুব্ধ।

দলীয় সূত্রে জানা যায়, ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীদের নিয়ে দল পুনর্গঠনের নির্দেশ দিয়ে জেলা ও উপজেলা কমিটিকে চিঠি দেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহ্‌জাহান। এরপর ১৭ সেপ্টেম্বর ঢাকায় জেলা বিএনপির সভাপতি ফজলুল হকের ব্যক্তিগত কার্যালয়ে জরুরি সভা হয়। সেখানে পুরোনো কমিটি ভেঙে আহ্বায়ক কমিটির মাধ্যমে নতুন কমিটি গঠনের মত দেন নেতারা। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি কাজী ছাইয়েদুল আলম ১ অক্টোবর তাঁর অনুসারীদের নিয়ে গোপন বৈঠক করেন। বৈঠকে বিদ্যমান কমিটি বিলুপ্ত করে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিলকে আহ্বায়ক করে কমিটি ঘোষণা করা হয়। এই কমিটির বিরুদ্ধে অবস্থান নেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, কালিয়াকৈর পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর খান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। এ কমিটি নিয়ে তাঁদের অনুসারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

৬ অক্টোবর জেলা বিএনপির সভাপতি ফজলুল হকের সঙ্গে বৈঠক করেন তিন নেতা হেলাল উদ্দিন, হুমায়ুন কবীর খান ও মুজিবুর রহমান। সেখানে উপজেলা বিএনপির বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে উপজেলা ও ইউনিয়ন কমিটি পুনর্গঠনের লক্ষ্যে চার সদস্যের  বোর্ড গঠন করা হয়। কিন্তু ওই বোর্ড বাতিল করে উপজেলা বিএনপির সভাপতি ছাইয়েদুল আলম ২১ অক্টোবর আবার নিজেকে আহ্বায়ক করে ছয় সদস্যের কমিটি ঘোষণা করেন।

এই পরিস্থিতিতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ২৪ অক্টোবর ছাইয়েদুল আলমের করা কমিটিটি স্থগিত চেয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে লিখিত আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ভারপ্রাপ্ত মহাসচিব ওই দিনই জেলা বিএনপির সভাপতি ফজলুল হককে নতুন সব কমিটি ও বোর্ডের কার্যক্রম স্থগিত করার নির্দেশ দেন।

জেলা বিএনপির সভাপতি ফজলুল হক বলেন, উপজেলা বিএনপির যে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেগুলোর ব্যাপারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ অন্য নেতা-কর্মীদের আপত্তি ছিল। এ কারণে মহাসচিব সব কার্যক্রম স্থগিত করেছেন। পরবর্তী সময়ে কেন্দ্রীয় নেতাদের নিয়ে ঐকমত্যের ভিত্তিতে নতুন কমিটি করা হবে।