এক যুগ পর নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উপজেলা আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সর্বশেষ ২০০৩ সালের ৭ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। এতে আবদুল কদ্দুস আজাদকে সভাপতি ও মো. শহীদ ইকবালকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়েছিল। ২০০৯ সালের ২৮ মার্চ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কদ্দুস আজাদ মারা যান। ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবুর রহমান।
মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে সম্মেলন হবে। মজিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন। এর উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিয়র রহমান খান।
উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. শহীদ ইকবাল বলেন, ‘সম্মেলন সফল করতে আমাদের সব রকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’