এক যুগ পর ছাত্রলীগের সম্মেলন ৫ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ এক যুগ পর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের সম্মেলন ৫ মার্চ অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন পর এই সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

দলীয় সূত্রে জানা গেছে, রোববার বেলা ১১টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনার জেলা পরিষদ মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে মৌলভীবাজার-৪ আসনের সাংসদ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মো. আবদুস শহীদ উপস্থিত থাকার কথা রয়েছে।

নতুন কমিটিতে পদ পেতে মাঠপর্যায়ে নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি উপজেলা ও জেলা পর্যায়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কাছেও নিজেদের অবস্থান তুলে ধরছেন সম্ভাব্য প্রার্থীরা। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আলোচনায় বেশ এগিয়ে আছেন কয়েকজন। এর মধ্যে সভাপতি পদে আলোচনায় আছেন মহিউদ্দিন অপু, হামিম মাহমুদ জয়, মিনহাজ নাসির, রুবেল চৌধুরী প্রমুখ। আর সাধারণ সম্পাদক পদে আলোচনায় আছেন সাকের আলী, জহিরুল ইসলাম, মিতুল খান প্রমুখ।

দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০০৪ সালে উপজেলা ছাত্রলীগের সম্মেলনে মো. সানোয়ার হোসেনকে সভাপতি ও শাহেদুল আলমকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

 দীর্ঘদিন সম্মেলন না হওয়ার কারণ সম্পর্কে নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী বলেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক নেতৃত্ব হাতছাড়া হবে বলে নানা কারণ দেখিয়ে কমিটি গঠন করেনি।

তবে এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি সানোয়ার হোসেন বলেন, ২০০৪ সালে তাঁর নেতৃত্বে ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছিল। তখন মোবাশ্বির আহমদের নেতৃত্বে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের একটি আহ্বায়ক কমিটি থাকলেও সে কমিটির ঐক্যের অভাব ছিল বলে তাঁর (সানোয়ারের) কমিটি কেন্দ্রীয়ভাবে দুই বছর পর অনুমোদন পেয়েছিল। অন্যদিকে জরুরি অবস্থা জারির পর দুই বছর ছাত্রলীগের কার্যক্রমও ছিল না। এরপর মৌলভীবাজারের জাকারিয়া আহমদের নেতৃত্বে ছাত্রলীগের একটি জেলা কমিটি গঠন করা হলেও সে কমিটিতেও নেতৃত্বে ঐক্যের অভাব ছিল। এসব কারণে জেলার সাতটি উপজেলায়ও ছাত্রলীগের কোনো কাউন্সিল হয়নি, কমিটিও হয়নি।