সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি হয়েছিল ২০০৪ সালে। ৭১ সদস্যবিশিষ্ট সেই কমিটি মেয়াদোত্তীর্ণ হলে ভেঙে করা হয় আহ্বায়ক কমিটি। গত বছরের ৭ ফেব্রুয়ারি সম্মেলনে কাউন্সিলরদের ভোটে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন করা হলেও গঠিত হচ্ছিল না পূর্ণাঙ্গ কমিটি। এক বছর পেরিয়ে গত ২৭ এপ্রিল কেন্দ্র থেকে ২৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দেওয়া হয়। বড় কমিটি হওয়ায় স্থান পেয়েছেন সব বলয়ের নেতারা।
গত বৃহস্পতিবার রাতে কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এক যুগ পর সিলেটে মহানগরের পূর্ণাঙ্গ কমিটি হওয়ায় কেন্দ্রের প্রতি সন্তোষ প্রকাশ করেন নেতারা। ৮ মে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়। কার্যনির্বাহী সভা থেকে অভিষেক অনুষ্ঠান সফল করতে নয়টি উপকমিটি গঠন করা হয়েছে।
নগরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির প্রথম সহসভাপতি ফয়জুর রহমান জাহেদ। প্রথম যুগ্ম সম্পাদক আজমল বক্ত চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রয়াত নেতা-কর্মীদের প্রতি শোক প্রস্তাব উত্থাপন করে শোক প্রকাশ করা হয় এবং ২০১২ সাল থেকে বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলী, ছাত্রদলের ইফতেখার আহমদ, জুনেদ আহমদ ও ইলিয়াস আলীর গাড়িচালক আনসার আলীর সন্ধান দাবি করা হয়। পরে পূর্ণাঙ্গ কমিটির জন্য কেন্দ্রের প্রতি সন্তোষ প্রকাশ করে অভিষেক অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়।
সভায় বক্তব্য দেন নগরের সহসভাপতি হুমায়ুন কবির, সালেহ আহমদ, ফরহাদ চৌধুরী, জিয়াউল গণি, মোয়াজ্জেন হোসাইন, নিহার রঞ্জন দত্ত, যুগ্ম সম্পাদক শামীম সিদ্দিকী, এমদাদ হোসেন চৌধুরী, মাহবুব কাদির শাহি প্রমুখ। সভায় অভিষেক অনুষ্ঠানের দিনক্ষণ ঘোষণা করেন নগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। তিনি জানান, অভিষেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রের নেতারা উপস্থিত থাকবেন।