কিশোরগঞ্জের ভৈরব পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ১৩ বছর পর গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্যসচিব এস এম বাকী বিল্লাহ। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আতিক আহমেদ সাধারণ সম্পাদক হয়েছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান গতকাল সকালে জিল্লুর রহমান পৌর মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব, কুলিয়ারচর) আসনের সাংসদ নাজমুল হাসান। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী। সম্মেলনের জন্য পৌর শহরের বঙ্গবন্ধু সরণি সড়ক বর্ণিলভাবে সাজানো হয়।
দলীয় সূত্র জানায়, ২০০২ সালের জুন মাসে পৌর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়। ওই কমিটির সভাপতি ছিলেন ইফতেখার হোসেন ও সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ। কমিটির মেয়াদ ছিল তিন বছর। আগের কমিটি নতুন কমিটি গঠন করতে ব্যর্থ হয়। এই অবস্থায় আট মাস আগে আগের কমিটি বিলুপ্ত করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক ছিলেন সাবেক কমিটির সহসভাপতি জাকির হোসেন। তিন মাসের মধ্যে কমিটি গঠনের নির্দেশনা থাকলেও গতকাল সম্মেলন আহ্বান করা হয়।
প্রধান অতিথি নাজমুল হাসান বলেন, সংগঠনের গতি বাড়াতে এবং নতুন নেতৃত্ব সৃষ্টি করতে হলে যথাসময়ে সম্মেলন করার বিকল্প নেই। সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হলে নেতা-কর্মীদের মধ্যে চাঞ্চল্য আসে। এ জন্য তিনি যথাসময়ে সম্মেলন করে সব শাখার কমিটি গঠন করার তাগিদ দেন।
পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জাকির হোসেন সম্মেলনে সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল, ভৈরব পৌর মেয়র ফখরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সায়দুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা পরিষদ সদস্য মির্জা সুলায়মান প্রমুখ।
পৌর আওয়ামী লীগের সদস্যসচিব এনামুল হক বলেন, প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচন করার কথা ছিল। ২৬৬ ভোটার ছিলেন। কিন্তু সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোটাভুটির দরকার হয়নি। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।