এক যুগ পর শেরপুর জেলা আ.লীগের সম্মেলন আজ
প্রায় এক যুগ পর আজ মঙ্গলবার শেরপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলন অনুষ্ঠানের জন্য জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয় ২০০৩ সালের ২৩ অক্টোবর। ওই সম্মেলনে আতিউর রহমানকে সভাপতি ও চন্দন কুমার পালকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৭১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
চন্দন কুমার পাল গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শেরপুর শহীদ দারোগা আলী পৌর পার্ক মাঠে সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। প্রধান বক্তা থাকবেন দলের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদে সরকারদলীয় হুইপ মো. আতিউর রহমান।
এদিকে এ সম্মেলন উপলক্ষে শেরপুর শহরে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সম্মেলনের সাফল্য কামনা করে ও অতিথিদের স্বাগত জানিয়ে নেতা-কর্মীরা শহরের বিভিন্ন স্থানে অর্ধশত তোরণ, অসংখ্য ব্যানার-ফেস্টুন ও প্রদর্শনী বোর্ড স্থাপন করেছেন। সম্মেলনস্থল শহীদ দারোগা আলী পৌর পার্ক মাঠে বিশাল প্যান্ডেল এবং মঞ্চ স্থাপন করা হয়েছে।