এক যুগ পর সম্মেলন, তবু নেতারা উৎকণ্ঠায়
প্রায় এক যুগ পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকার সাভার উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলনের মধ্য দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের ভাগ্য নির্ধারণ হওয়ার কথা থাকলেও সভাপতি পদে কোনো ভোট হচ্ছে না। আর সভাপতি নির্বাচনের সুযোগ না থাকায় অনেকেই হতাশ হয়ে পড়েছেন।
আশুলিয়া উচ্চবিদ্যালয় মাঠে ২৬ নভেম্বর সাভার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সাংসদ এনামুর রহমান তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে বর্তমান সভাপতি হাসিনা দৌলাকে সমর্থন দিয়েছেন। তবে সাধারণ সম্পাদক পদে দুজন প্রার্থী রয়েছেন। সাংসদ এনামুর রহমান বলেন, ‘দলের অধিকাংশ নেতার আগ্রহেই সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু দলীয় প্রধানের ইচ্ছাতেই সরে দাঁড়িয়েছি।’
দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল ২০০৩ সালে। ওই সম্মেলনে কাউন্সিলরদের ভোটে হাসিনা দৌলা সভাপতি ও আলী হায়দার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর আর সম্মেলন না হওয়ায় প্রায় এক যুগ ধরে তাঁরাই পদ দুটি আঁকড়ে রেখেছেন। যদিও তিন বছর পর পর সম্মেলন হওয়ার কথা।
দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি দলের উচ্চপর্যায় থেকে নতুন করে জেলা ও উপজেলা কমিটি গঠনের তাগিদ দেওয়া হয়। সভাপতি পদে লড়ার ঘোষণা দিয়ে মাঠে নামেন সাংসদ এনামুর রহমান। মাঠে না থাকলেও একই পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন হাসিনা দৌলা। সাধারণ সম্পাদক পদে লড়াই করার জন্য মাঠে নামেন বর্তমান সাধারণ সম্পাদক আলী হায়দার, ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফিরোজ কবীর এবং ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মঞ্জুরুল আলম। কিন্তু ফিরোজ কবীর সরে দাঁড়ানোয় আপাতত এই পদে প্রতিদ্বন্দ্বী থাকছেন দুজন।
দলের একাধিক দায়িত্বশীল নেতা বলেন, দীর্ঘদিন ধরে সাভার আওয়ামী লীগে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে রেখেছিলেন সাবেক সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদের আস্থাভাজন হিসেবে পরিচিত আলী হায়দার। গত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সাভারের সাংসদ পরিবর্তন হওয়ার পর দলে তাঁর অবস্থান অনেকটাই নড়বড়ে হয়ে পড়ে। অন্যদিকে হাসিনা দৌলা সভাপতির দায়িত্বে থাকলেও দলে তেমন প্রভাব ছিল না তাঁর। দলীয় কর্মকাণ্ডেও খুব একটা দেখা যায়নি তাঁকে।
এ ব্যাপারে সাবেক সভাপতি হাসিনা দৌলার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। সর্বশেষ গত বৃহস্পতিবার রাত ১০টায় তাঁর মুঠোফোনে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
সাধারণ সম্পাদক প্রার্থী মঞ্জুরুল আলম বলেন, গত এক যুগ ধরে দলীয় পদ দখল করে রেখে অনেকেই নিজেদের ভাগ্যের উন্নয়ন করেছেন। দলের জন্য তাঁরা তেমন কোনো অবদান রাখেননি। এ কারণে অধিকাংশ নেতা-কর্মী নতুন মুখের প্রত্যাশী ছিলেন। কিন্তু দলীয় সিদ্ধান্ত, সম্মেলনের স্থান আর অচেনা মুখের কাউন্সিলরদের কারণে তাঁদের সেই ইচ্ছা পূরণ হবে না বলে আশঙ্কা করা হচ্ছে।
মঞ্জুরুল আলম আরও বলেন, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হলেও এর স্থান নির্ধারণ করা হয়েছে উপজেলার এক কোণে আশুলিয়া উচ্চবিদ্যালয় মাঠে। আলী হায়দারের বাড়িও ওই এলাকায়। তাই ভোটে তাঁর প্রভাব বিস্তারের বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। এ ছাড়া যাঁদের কাউন্সিলর বানানো হয়েছে তাঁদের অনেকেই অপরিচিত। এমনকি তাঁদের অনেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেই যুক্ত নন।
প্রভাব বিস্তার করার অভিযোগ অস্বীকার করে সাধারণ সম্পাদক প্রার্থী আলী হায়দার বলেন, আশুলিয়া সাভারের বাইরের কোনো এলাকা নয়। তা ছাড়া অধিকাংশ কাউন্সিলরের সম্মতিতেই আশুলিয়ায় সম্মেলনের স্থান নির্বাচন করা হয়েছে। কাউন্সিলর নির্বাচনের বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিদেরই কাউন্সিলর করা হয়েছে। তবে দু-একটি ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে।