এক যুগ পর সম্মেলন, তবু সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দা উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০০৫ সালে। প্রতি তিন বছর পর সম্মেলন করার কথা থাকলেও নানা টানাপোড়েনে গত প্রায় এক যুগেও আর সেই সম্মেলন হয়নি। অবশেষে ২১ ডিসেম্বর ধার্য করা হয়েছে সম্মেলনের দিন। কিন্তু শেষ পর্যন্ত সম্মেলনটি হবে কি না, তা নিয়ে দলের নেতা-কর্মীদের মধ্যেই রয়েছে সংশয়।
দলীয় সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১১ মে কাউন্সিলের মাধ্যমে নওগাঁর সবচেয়ে বড় উপজেলা মান্দায় উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। এমদাদুল হক মোল্লাকে সভাপতি ও সরদার জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৬৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ কমিটির মেয়াদ তিন বছর হলেও নতুন কমিটি আজও হয়নি। ২০০৮ ও ২০১৪ সালে সম্মেলনের দিন ঠিক করা হলেও অদৃশ্য শক্তির ইশারায় তা স্থগিত হয়ে যায়।
নেতা-কর্মী সূত্রে জানা যায়, আসন্ন কাউন্সিলে বর্তমান সভাপতি এমদাদুল হক মোল্লা, সাধারণ সম্পাদক সরদার জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আবদুল মান্নান ও আবদুল লতিফ শেখ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর সাধারণ সম্পাদক পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি নাহিদ মোর্শেদ ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নওশাদ আলীর প্রতিদ্বন্দ্বিতা করার কথা।
এদিকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আসতে ইচ্ছুক সম্ভাব্য প্রার্থীদের প্রায় সবাই কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে কমিটিতে নতুন নেতৃত্ব আনার দাবি জানিয়েছেন। কিন্তু বর্তমান সভাপতি এমদাদুল হক আওয়ামী লীগের কেন্দ্রীয় ও নওগাঁ জেলা কমিটির মতো সমন্বয় বা সমঝোতার মাধ্যমে কমিটি করার পক্ষে। উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি এমদাদুল হক মোল্লা বলেন, যেহেতু কেন্দ্র ও জেলায় সমন্বয়ের মাধ্যমে সিলেকশনে কমিটি হয়েছে, তাই মান্দা উপজেলাতেও সিলেকশনেই কমিটি হওয়া উচিত। কারণ, ভোটের মাধ্যমে কমিটি করতে গেলে দলে বিভক্তি দেখা দিতে পারে। এতে দল সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়বে।
অপরদিকে উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক সরদার জসিম উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল হক বলেন, সম্মেলনের দিন ঠিক হওয়ার পর কাউন্সিলররা তাঁদের পছন্দের নেতৃত্ব নিয়ে আনার জন্য মুখিয়ে আছেন।
উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুল মান্নান বলেন, ‘মুষ্টিমেয় কিছু নেতা আবারও যাতে সম্মেলন না হয়, সেই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। সম্মেলন ভেস্তে গেলে তাঁরা আরও বেশি দিন ক্ষমতা কুক্ষিগত করে রাখার সুযোগ পাবেন। কিন্তু দলকে শক্তিশালী করতে হলে দলের আগাছা পরিষ্কার করে নতুন নেতৃত্ব নিয়ে আসতে হবে। উপজেলার ১৪টি ইউনিয়ন ৯১০ জন কাউন্সিলরের ভোটের মাধ্যমে নতুন নেতা নির্বাচন করা উচিত।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘আমরাও চাই মান্দা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হোক। সব ঠিক থাকলে ২১ ডিসেম্বর সম্মেলনের মাধ্যমে মান্দা উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হবে।’