এক যুগ পর সম্মেলন, দেড় বছরেও হয়নি পূর্ণাঙ্গ কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক যুগ পর নেত্রকোনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয় গত বছর। এর প্রায় দেড় বছর পার হলেও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি। এ কারণে সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন দলটির নেতা-কর্মীরা।

এদিকে জেলার ১০টি উপজেলার মধ্যে বারহাট্টা, পূর্বধলা, কেন্দুয়া ও সদর উপজেলায় এক যুগের বেশি সময় পার হলেও সম্মেলন হচ্ছে না। বাকি ছয়টি উপজেলায় দেড় বছরের বেশি আগে সম্মেলন হলেও কলমাকান্দা ও আটপাড়ায় এখনো পূর্ণাঙ্গ কমিটি হয়নি। নেত্রকোনা পৌর কমিটিরও সর্বশেষ সম্মেলন হয় ১৯৯৬ সালের অক্টোবরে। পরে ২০১৫ সালের নভেম্বরে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নেত্রকোনা সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক শামছুর রহমান বলেন, দলের বর্তমান নেতৃত্বে থাকা একটি পক্ষের কারণে ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীরা কোণঠাসা হয়ে পড়ছেন। এ কারণে দলে এখন হযবরল অবস্থা।

দলীয় সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি শহরের মোক্তারপাড়া মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। এতে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। সম্মেলন শেষে তিনি একটি কাগজ বের করে দলীয় সভাপতি শেখ হাসিনার কথা বলে জেলা কমিটির সভাপতি হিসেবে মো. মতিয়র রহমান খান ও সাধারণ সম্পাদক হিসেবে মো. আশরাফ আলী খানের নাম ঘোষণা করেন। এরপর এত দিনেও পূর্ণাঙ্গ কমিটি না করায় দলের ত্যাগী ও পরীক্ষিত এবং উঠতি বয়সী নেতা-কর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

জেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীরা বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকলেও জেলা সম্মেলনে ভোটাভুটি হয়নি। সৈয়দ আশরাফুল ইসলাম শুধু নাম ঘোষণা করেন। সম্মেলনের পর দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা বলা হলেও তা হচ্ছে না। এ কারণে অনেক নেতা-কর্মী ক্ষুব্ধ।

নাম প্রকাশ না করার শর্তে জেলা আওয়ামী লীগের একজন নেতা বলেন, ওই সম্মেলনে কাউন্সিলরদের কোনো তালিকাই করা হয়নি।

তবে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ভজন সরকার বলেন, ‘সম্মেলনে কাউন্সিলরদের ভোট কিংবা মতামতের ভিত্তিতে কমিটি না হলেও প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার ওপর আস্থা রেখে ওই সময় মাঠে থাকা অন্তত ১২ হাজার নেতা-কর্মী হাত তুলে সমর্থন জানিয়েছি।’

দলটির অন্তত ১০ জন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও বাকি উপজেলাগুলোতে ঠিক সময়ে সম্মেলন না হওয়ায় অনেক নেতা-কর্মীর মধ্যে হতাশা বিরাজ করছে। সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিচ্ছে। এ ছাড়া দলে অভ্যন্তরীণ কোন্দল রয়েছে। আছে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। দলে কারও একচ্ছত্র আধিপত্য আছে। আছে ক্ষমতার অপব্যবহার। এসব কারণে অনেক ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মী কোণঠাসা বা নিষ্ক্রিয় আছেন। উপজেলাগুলো থেকে শুরু করে জেলার দলীয় কার্যালয় প্রতিদিন খোলা থাকলেও নেতা-কর্মীদের উপস্থিতি তেমন লক্ষণীয় নয়।

জেলা কমিটির সাবেক একজন জ্যেষ্ঠ নেতা বলেন, পূর্ণাঙ্গ কমিটি গঠন ও বাকি উপজেলাগুলোতে সম্মেলন না হওয়ায় জেলার পাঁচটি সংসদীয় আসনে সাংসদদের অনুসারী ও তাঁদের আত্মীয়স্বজনদের আধিপত্য প্রকট আকার ধারণ করেছে।

জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন বলেন, ‘পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় দলের কার্যক্রম অনেকটা কচ্ছপ গতিতে চলছে। কমিটি ঘোষণা হলে দলে ত্যাগী ও পরীক্ষিত এবং উঠতি বয়সী নেতা-কর্মীরা স্থান পাবেন বলে আশা রাখি। এতে দল আরও শক্তিশালী হবে।’

এসব বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান প্রথম আলোকে বলেন, গত বছরের অক্টোবরে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রে পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে, অতি দ্রুতই তা অনুমোদিত হবে। আর এই কমিটি অনুমোদিত হলে বাকি উপজেলাগুলোতে সম্মেলন করা সম্ভব হবে।