শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের কমিটি ভেঙে দিয়ে সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিকে অবৈধ দাবি করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০২ সালে আবদুল হালিমকে সভাপতি ও মোকছেদুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৭৬ সদস্যের উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। তিন বছর ওই কমিটির মেয়াদ থাকলেও গত ১২ বছরেও নতুন কমিটি গঠন করা হয়নি। গত উপজেলা পরিষদ নির্বাচনে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে আবদুল হালিম ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে নির্বাচন করেন। এ কারণে গত ৩০ এপ্রিল তাঁকে সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং সহসভাপতি মো. জিয়াউল হককে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান ১১ সেপ্টেম্বর কর্মীদের নিরাপত্তার অভাব দেখিয়ে স্বেচ্ছায় পদ থেকে সরে গিয়ে যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল্লাহ তালুকদারকে দায়িত্ব দেন। পরে ৫ অক্টোবর আরেকটি চিঠির মাধ্যমে সেই দায়িত্ব তিনি বুঝে নেন।
৩১ অক্টোবর উপজেলা কমিটি ভেঙে দিয়ে স্থানীয় সাংসদ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান ও সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল স্বাক্ষরিত একটি চিঠিতে ৪৪ সদস্যের একটি সম্মেলন কমিটি গঠন করা হয়। দুই মাসের মধ্যে কমিটিকে সম্মেলন করে নতুন কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
ওই কমিটিতে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জিয়াউল হককে চেয়ারম্যান ও যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর সবুর, সাবেক কমিটির সদস্য বিপ্লব চন্দ্র বর্মণ ও ওসমান গনিকে কো-চেয়ারম্যান করা হয়েছে। এ ছাড়া উপজেলা কমিটির সাবেক সভাপতি আবদুল হালিম ও মোকছেদুর রহমানকে সদস্য করা হয়েছে। ৩ নভেম্বর জেলহত্যা দিবসে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভায় ওই কমিটি ঘোষণা করা হয়। সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামানসহ দলের একটি অংশ ওই কমিটিকে অসাংবিধানিক ও অবৈধ দাবি করে ৯ নভেম্বর আওয়ামী লীগের সভা আহ্বান করেছে।
আসাদুজ্জামান বলেন, দল থেকে যাঁদের অব্যাহতি দেওয়া হয়েছিল সম্মেলন প্রস্তুতি কমিটিতে তাঁদের রাখা হয়েছে। আর যাঁরা দলে সক্রিয় তাঁদের বাদ দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সদস্য না হয়েও অনেকেই কমিটিতে স্থান পেয়েছেন। তাই এই কমিটি অবৈধ।
মোকছেদুর রহমান বলেন, জেলা কমিটি সভা ডেকে সবার সিন্ধান্ত অনুযায়ী কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করবে। কিন্তু তা করা হয়নি। গঠনতন্ত্র অনুযায়ী সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান হবেন সভাপতি আর কো-চেয়ারম্যান হবেন সাধারণ সম্পাদক। তাও করা হয়নি।
সম্মেলন প্রস্তুতি কমিটির দায়িত্বপ্রাপ্ত কো-চেয়ারম্যান আবদুর সবুর বলেন, যাঁরা সম্মেলন প্রস্তুতি কমিটির বৈধতা নিয়ে কথা বলছেন, তাঁদেরই বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল বলেন, এই কমিটি নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নেই।