রাজশাহী জেলা যুবলীগের সম্মেলন হচ্ছে প্রায় এক যুগ পর। আজ মঙ্গলবার বিকেলে নগরের কাশিয়াডাঙ্গা কলেজমাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এবারও সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সভাপতি আবু সালেহ। গতকাল সোমবার পর্যন্ত এই পদে আর কাউকে গণসংযোগ করতে দেখা যায়নি। এ বিষয়ে বর্তমান সভাপতি আবুল সালেহ প্রথম আলোকে বলেন, তাঁর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। কেউ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছাও প্রকাশ করেননি। তাই তিনি আবারও প্রার্থী হয়েছেন।
প্রায় এক যুগ পর আবারও সভাপতি প্রার্থী হওয়ার ব্যাপারে আবুল সালেহ বলেন, তিনি ছাত্রলীগ করেছেন, যুবলীগকে সংগঠিত করেছেন। দলের নেতা-কর্মীরা হয়তো এভাবেই তাঁর শ্রমের মূল্যায়ন করছেন। নতুনদের জায়গা ছেড়ে দিচ্ছেন না কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সাধারণ সম্পাদক পদে তো নতুন নেতৃত্বই আসছে।
সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। জেলার সর্বত্র সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদপ্রত্যাশীদের পোস্টার, ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ড শোভা পাচ্ছে।
সংগঠন সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০০৪ সালের ১৯ এপ্রিল রাজশাহী জেলা যুবলীগের সম্মেলন হয়। সেই সম্মেলনে আবু সালেহ সভাপতি ও এ কে এম আসাদুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এবারের সম্মেলনে মোট ৩১৮ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করবেন। জেলার ১০টি সাংগঠনিক থানার প্রতিটিতে কাউন্সিলর রয়েছেন ১০ জন করে। এ ছাড়া ৭১ সদস্যবিশিষ্ট বর্তমান কমিটির সবাই কাউন্সিলর।
এখন পর্যন্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এবারও আবু সালেহ সভাপতি হতে যাচ্ছেন, এটা প্রায় নিশ্চিত। তবে সাধারণ সম্পাদক পদে প্রার্থী রয়েছেন পাঁচজন। বর্তমান সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সদ্যঘোষিত জেলা আওয়ামী লীগের ১ নম্বর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। ফলে এবারের সম্মেলনে তিনি সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন না।
সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন বর্তমান কমিটির সহসভাপতি আলমগীর মোর্শেদ, যুগ্ম সম্পাদক এ এইচ এম খালেদ ওয়াসী, সাংগঠনিক সম্পাদক আলী আযম, আরেক সাংগঠনিক সম্পাদক ওয়াসিম রেজা, নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী আওয়ামী লীগ নেতা জিনাতুন নেসা তালুকদারের ছেলে মাহমুদ হাসান ফয়সাল। তাঁরা প্রত্যেকেই কাঙ্ক্ষিত পদ পেতে কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ করছেন। চাইছেন সমর্থন।