এক যুগেও সৈয়দপুরে আ.লীগের সম্মেলন হয়নি, কর্মীরা হতাশ
দীর্ঘ এক যুগেও নীলফামারীর সৈয়দপুরে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়নি। এতে কর্মীরা হতাশ হয়ে পড়েছেন। নতুন নেতৃত্ব সৃষ্টি না হওয়ায় রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি বাস্তবায়নে স্থবিরতা নেমে এসেছে বলে দলের কর্মীরা মনে করছেন।
সর্বশেষ ২০০৪ সালে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামী লীগের একাধিক কর্মী অভিযোগ করে বলেন, সামনে জাতীয় কাউন্সিল। এর আগেই জেলা-উপজেলা ও পৌর কমিটিগুলোর সম্মেলন সম্পন্ন করতে কেন্দ্র থেকে বহুবার তাগাদা দেওয়া হয়েছে। কিন্তু কাজের কাজ হচ্ছে না। তাঁরা (কর্মীরা) দ্রুত কাউন্সিল বা সম্মেলনের চাপ দিচ্ছেন উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদককে। কিন্তু এতে তাঁরা কর্ণপাত করছেন না। দলের অনেক উন্নয়ন কর্মসূচি আছে। এসব বাস্তবায়নে নেতাদের সক্রিয় দেখা যায় না। নতুন নেতৃত্ব সৃষ্টি না হওয়ায় এ অচল অবস্থা চলছে। এতে কর্মীরা হতাশ।
উপজেলার বাঙালিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাজাদা সরকার বলেন, ‘সম্মেলন হলে নতুন নেতৃত্ব আসতে পারে, এই ভয়ে বর্তমান কমিটি সম্মেলন করতে চাচ্ছে না। তবে দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত সম্মেলনের জন্য চাপ আমাদের অব্যাহত থাকবে।’
এ নিয়ে কথা হয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র আখতার হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘দলকে চাঙা রাখতে কাউন্সিল জরুরি। তবে ২২ থেকে ২৩ অক্টোবর কেন্দ্রীয় কাউন্সিলের আগে উপজেলা কমিটির সম্মেলন সম্পন্ন করা অসম্ভব। এ জন্য যে প্রস্তুতি প্রয়োজন তা আমাদের নেই। তবে পদের লোভে কাউন্সিল হচ্ছে না, এ অভিযোগ সঠিক না।’