এক সপ্তাহের মধ্যে কথা না বললে গণ-অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী
সংবাদ সম্মেলনে এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে এক সপ্তাহের মধ্যে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি, সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। নইলে দলটি সাধারণ মানুষকে নিয়ে অনশন আন্দোলনে যাবে।
রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে গতকাল রোববার বি. চৌধুরী এ আহ্বান জানান। দুই নেত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘দয়া করে দেশের ও মানুষের ক্ষতি করবেন না। যদি রাজনীতিতে থাকতে চান, বিভেদ ভুলে সাত দিনের মধ্যে আলোচনায় বসে কথা বলুন। নইলে আমরা দেশের মানুষ নিয়ে গণ-অনশনে যাব।’
বিএনপির আন্দোলন সম্পর্কে বি. চৌধুরী বলেন, ‘যে আন্দোলন মানুষকে কষ্ট দেয়, আমরা সে ধরনের সহিংস আন্দোলনে কখনোই যাব না। মানুষ রাস্তায় চলতে ভয় পাচ্ছে। যে মেয়েটির মুখ ঝলসে গেছে, তার ভবিষ্যৎ কী? এ ধরনের আন্দোলন সমর্থনযোগ্য নয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপির কার্যালয়ে ঢুকতে না দেওয়া প্রসঙ্গে বি. চৌধুরী বলেন, সরকার যখন বিরোধীদলীয় নেতার অফিসে তালা লাগিয়ে দেয়, সেটা যেমন অপরাধ, তেমনি কাউকে ভেতরে ঢুকতে না দেওয়াটাও অপরাধ। প্রধানমন্ত্রীকে ভেতরে ঢুকতে দিলে সেটা রাজনৈতিক সংস্কৃতির জন্য ভালো হতো। তিনি আরও বলেন, ‘একজন মা তাঁর সন্তান হারিয়েছেন। আরেকজন মা গিয়েছেন তাঁকে সান্ত্বনা দিতে। চিকিৎসক যদি তাঁকে ঘুমিয়ে থাকার পরামর্শ দেন, চিকিৎসক হিসেবে আমি বলব, তাঁর সঙ্গে দেখা না করাই ভালো। এখানে কোনো রাজনীতি নেই। প্রধানমন্ত্রী গিয়েছেন মানবিক কারণে।’
৫ জানুয়ারির নির্বাচনে ১০ শতাংশের ভোট পড়েনি বলে মন্তব্য করেন বি. চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন হলে সমস্যা নেই। বিশ্বের সব দেশে তা-ই হয়। তবে অবশ্যই প্রধানমন্ত্রীকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।