একই জায়গায় সমাবেশ করতে চায় দুই দল

৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তির দিনে রাজধানীর একই জায়গায় সমাবেশ করতে চায় আওয়ামী লীগ ও বিএনপি। গত বছরের মতো এবারও দল দুটি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পাল্টাপাল্টি সমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছে।
গত ৩০ ডিসেম্বর রাতে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠকে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার সিদ্ধান্ত হয়। পরদিন দলের পক্ষ থেকে অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করা হয়। গতকাল বিএনপির যৌথ সভা শেষে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৫ জানুয়ারি জনসভা করার ঘোষণা দেন।
এদিকে গতকাল রাতে আওয়ামী লীগও সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশসহ ঢাকা মহানগরের ১৮টি স্থানে সভা-সমাবেশের কর্মসূচি দিয়েছে। জেলা-উপজেলা পর্যায়েও শোভাযাত্রা ও সভা-সমাবেশ করা হবে বলে আওয়ামী লীগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ ছাড়া শিল্পকলা একাডেমিতে ৫ থেকে ৭ জানুয়ারি দলটির পক্ষ থেকে গত বছরের জ্বালাও-পোড়াও নিয়ে ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
পুলিশ কোন দলকে জনসভা করার অনুমতি দেবে, জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মারুফ হোসেন সরদার বলেন, দুই পক্ষের আবেদন হাতে পেলে তা যাচাই-বাছাই করা হবে। এরপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আওয়ামী লীগের একটি দায়িত্বশীল সূত্র জানায়, সরকার মনে করছে, বিএনপি গত বছরের ৫ জানুয়ারির মতো কোনো অবস্থা তৈরি করতে পারবে না। কিন্তু এরপরও দলটিকে মাঠ গরম করার সুযোগ দিতে আগ্রহী নয়। কারণ, পৌর নির্বাচনে বিপর্যস্ত দলটিকে মাথা তুলে সংগঠিত হওয়ার সুযোগ দিতে চায় না সরকার। সরকারের ধারণা, বিএনপি রাজধানীতে একবার প্রকাশ্যে বড় জমায়েত করতে পারলে নেতা-কর্মীরা চাঙা হয়ে উঠবেন। তাই এ সুযোগ দেবে না সরকার।
কর্মসূচি সফল করতে আজ রোববার বেলা তিনটায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলটির সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় সাংসদ এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রদের যৌথ সভা ডাকা হয়েছে। দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ঢাকা মহানগরসহ দেশের সব মহানগর, জেলা-উপজেলায় ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবসের কর্মসূচি সফল করার জন্য নেতা-কর্মীদের অনুরোধ জানিয়েছেন।
সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদেরের। এ বিষয়ে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘প্রতিটি স্পটের জন্য ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করা হয়েছে। বিএনপি যদি একই স্থানে চেয়ে থাকে, আর পুলিশ তাদের অনুমতি দেয়, তাহলে আমরা সরে যাব। পুলিশ কনফ্লিক্ট মনে করলে সেটা তারাই বিবেচনা করবে।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘আমরা দুই বছর ধরেই এ কর্মসূচিটা পালন করে আসছি। এবারও করব। তবে এটা ঠিক সমাবেশ নয়, অনেকটা মানববন্ধনের মতো হবে।’
২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচনের দিনটি বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ আর আওয়ামী লীগ দিনটি ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে পালন করে। গত বছর এ দিনটিতে কর্মসূচিতে বাধা পেয়ে লাগাতার অবরোধ ডেকেছিল বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। তিন মাসের টানা অবরোধ-হরতাল-নাশকতায় অনেক মানুষের মৃত্যু হয়, বহু গাড়ি ও যানবাহন পোড়ানো হয়।
বিএনপির একটি দায়িত্বশীল সূত্র জানায়, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ৫ জানুয়ারি ভোটারবিহীন যে নির্বাচন হয়েছিল, তা যেন মানুষের মন থেকে হারিয়ে না যায়, সেটা মনে করিয়ে দেওয়া। নানা কর্মসূচির মাধ্যমে মাঠে থাকা গেলে নেতা-কর্মীদেরও ঐক্যবদ্ধ করা যাবে। পৌর ভোটের পরপর এই কর্মসূচি হলে ভোট নিয়ে মানুষের মনে যে ক্ষোভ আছে, তা কিছুটা হলেও বাড়বে। এটা সরকারের জন্য অস্বস্তিকর হবে। সরকার এই কর্মসূচি করতে না দিলে বিএনপি মানুষের সহানুভূতি পাবে। সরকার সমালোচনায় পড়বে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গত রাতে প্রথম আলোকে বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেবে কি দেবে না, সেটা পরের ব্যাপার। কিন্তু একই দিন, একই জায়গাসহ অন্য স্থানে পাল্টা কর্মসূচি দেওয়ার অর্থ এই, যাতে বিরোধী দল কোনো কর্মসূচি পালন করতে না পারে। এটা চরম অগণতান্ত্রিক আচরণ ছাড়া আর কিছুই না।
একই স্থানে আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও বিস্ময় প্রকাশ করেন। তিনি গত রাতে বলেন, এর মধ্য দিয়ে একটি অগণতান্ত্রিক শক্তি তাদের ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এদের কাছে সভ্য আচরণ আশা করা যায় না।
বিএনপির সংবাদ সম্মেলন: গতকাল সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুই বছর আগে ৫ জানুয়ারির নির্বাচনের নামে গণতন্ত্র হত্যা করা হয়েছে। জনগণের ভোট ছাড়াই নির্বাচন করা হয়েছে। প্রায় সব কটি রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়াই যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচনের পরে একটা প্রহসনমূলক নাটকের মধ্য দিয়ে সরকার গঠন করা হয়েছিল। সেই সরকার এখনো আছে। তিনি বলেন, ‘এই দিনটিকে আমরা গণতন্ত্র হত্যা দিবস বলে চিহ্নিত করেছিলাম। এই দিবসটিকে স্মরণ করতে এবং গণতন্ত্র ফিরিয়ে পাওয়ার আন্দোলনের অংশ হিসেবে আমরা আগামী ৫ জানুয়ারি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে একটি শান্তিপূর্ণ জনসভা করার সিদ্ধান্ত নিয়েছি।’
ফখরুল বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমতি চাওয়া হয়েছে। তাঁরা আশা করছেন, অনুমতি পাবেন। এই জনসভাকে সফল করে গণতন্ত্রকে নিয়মতান্ত্রিকভাবে চালাতে সরকার অবদান রাখবে।
গতকাল বিএনপির যৌথ সভায় ৫ জানুয়ারি সারা দেশে বিএনপির জেলা কার্যালয়গুলোতে আলোচনা সভারও সিদ্ধান্ত হয়। এ ছাড়া ১৯ জানুয়ারি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উদ্যাপনের কর্মসূচিও চূড়ান্ত করা হয়। এর মধ্যে রয়েছে ১৯ জানুয়ারি ভোরে ঢাকাসহ সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় শেরেবাংলা নগরে কবরে শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভা।
আওয়ামী লীগের কর্মসূচি: রাজধানীর অন্য যেসব এলাকায় আওয়ামী লীগ কর্মসূচি পালন করবে, সেগুলো হচ্ছে মিরপুর ১২ পূরবী সিনেমা হল, শ্যামপুর-জুরাইন রেলগেট, ডেমরা-যাত্রাবাড়ী মাঠ, বাড্ডা-রামপুরা পেট্রলপাম্প, ধানমন্ডি ৩২ নম্বর রোড, মিরপুর ১ নম্বর (গোলচত্বর), লালবাগ, গুলশান, সূত্রাপুর, তেজগাঁও, সবুজবাগ-খিলগাঁও, উত্তরা, কামরাঙ্গীরচর, মোহাম্মদপুর-টাউন হল, কাফরুল, গুলিস্তান-বঙ্গবন্ধু স্কয়ার ও বনানী-মহাখালী।