একই দিন দুই পক্ষের সভা আহ্বান নিয়ে উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক একই দিন একই সময়ে উপজেলা আওয়ামী লীগের সভা আহ্বান করেছেন। দুই পক্ষের সমর্থকদের মধ্যে এ নিয়ে উত্তেজনা চলছে। আর সাধারণ কর্মীরা ভাবছেন, তাঁরা কোন সভায় যোগ দেবেন।
দলীয় সূত্রে জানা গেছে, জঙ্গিবিরোধী কমিটি গঠন ও জাতীয় শোক দিবস পালনের কর্মসূচি নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন ২২ জুলাই শুক্রবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে বর্ধিত সভা ডাকেন। সভার নোটিশ ইউনিয়ন কমিটির সদস্যদের বিতরণ করা হয়েছে। অপরদিকে একই দিন, একই সময়ে ও একই আলোচ্যসূচি নিয়ে উপজেলা ডাকবাংলোতে উপজেলা আওয়ামী লীগের পাল্টা সভা আহ্বান করেছেন সাধারণ সম্পাদক শাহজাহান মিরদাহ।
বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের কয়েক জন নেতা বলেন, সাধারণ সম্পাদক শাহজাহান ফরিদপুর-১ আসনের সাংসদ মো. আবদুর রহমানের সমর্থক বলে পরিচিত। অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন সাংসদ আবদুর রহমানের বিরোধী পক্ষ। গত ডিসেম্বর মাসে অনুষ্ঠিত বোয়ালমারী পৌর নির্বাচনকে কেন্দ্র করে আবদুর রহমানের সঙ্গে মোশাররফ হোসেনের বিরোধ নতুন মাত্রা পায়। ওই নির্বাচনে মেয়র পদে মোশাররফ হোসেনের ছোট ভাই মোজাফফর হোসেন দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে মেয়র নির্বাচিত হন। নির্বাচনে দলীয় প্রার্থী হয়েও হেরে যান সাধারণ সম্পাদক শাহজাহান মিরদাহ।
দলের স্থানীয় কর্মীরা বলেন, একই দিনে ও একই সময়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের আলাদা সভা আহ্বানকে কেন্দ্র করে দুই নেতার সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়াচ্ছে। উভয় পক্ষই তাঁদের ডাকা সভাকে সফল করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।
সাধারণ সম্পাদক শাহজাহান মিরদাহ বলেন, ‘যেকোনো মূল্যে আমরা সভা করবই। সভাপতি হিসেবে তাঁর কোনো সভার ডাকার এখতিয়ার নেই। সভাপতি যে সভাটি ডেকেছেন, তা নিয়মবহির্ভূত ও অসাংগঠনিক।’
অপরদিকে সভাপতি মোশাররফ হোসেন বলেন, ‘আমি এক সপ্তাহ আগেই সাধারণ সম্পাদককে সভা আহ্বান করতে বলি। কিন্তু তিনি সভা আহ্বান না করে আমাকে এড়িয়ে যান। এরই প্রেক্ষাপটে ১৪ জুলাই আমি সভা আহ্বান করি। এদিকে আমাদের সভার আলোচ্যসূচি নিয়ে সাধারণ সম্পাদক ১৬ জুলাই একই সময়ে সভা আহ্বান করেন।’ মোশাররফ আরও বলেন, নিয়মতান্ত্রিকভাবেই সভা আহ্বান করা হয়েছে। যদি কেউ সভা ভন্ডুল করার চেষ্টা করেন, তবে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।
এদিকে একাধিক কর্মী বলছেন, সভার দিনে সহিংস ঘটনা ঘটতে পারে। কারণ, কেউ কাউকে ছাড় দিতে রাজি নন। তাঁরা ভাবছেন, সভায় যোগ দেবেন কি না, আর দিলেও কার সভায় যোগ দেবেন। এ ছাড়া কর্মীরা কেন্দ্রীয় নেতাদের এ বিরোধ মেটানোর পদক্ষেপ নিতে অনুরোধ করেন।