একই পরিবারের ৩ প্রার্থী, বিব্রত ভোটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে (রামকৃষ্ণপুর, জানিপুর ও কর্ণিপাড়া) কাউন্সিলর পদে একই পরিবার থেকে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই সহোদর আমানতুল্লাহ ও শহিদুল ইসলাম কাউন্সিলর পদে পরস্পরের বিরুদ্ধে এবং তাঁদের ভাবি সেরুয়া বেগম সংরক্ষিত পদে লড়ছেন। তাঁদের এই প্রার্থিতা নিয়ে ভোটাররা বিব্রত।

স্থানীয় ৫০ জন ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়, এই ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম (৪২) চলতি বছরে ক্যানসারে মারা যান। এলাকায় তিনি জনপ্রিয় ছিলেন। এলাকার উন্নয়নে অবদানও রেখেছিলেন। এসব কারণে তিনি দুইবার নির্বাচিত হয়েছিলেন বলে মনে করেন তাঁরা। তাঁর মৃত্যুর পর উপনির্বাচনে সাইফুল ইসলামের স্ত্রী সেরুয়া বেগম নির্বাচিত হন। এবার এই পদে সাইফুলের দুই ভাই প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেরুয়া বেগম লড়ছেন সংরক্ষিত নারীর পদে। তাঁর সবাই নির্বাচনী প্রচারে প্রয়াত কাউন্সিলর সাইফুল ইসলামের ভাবমূর্তিকে ব্যবহার করছেন।

বড় ভাই আমানতুল্লাহ মরহুম ভাইয়ের ইমেজকে ব্যবহার করার কথা স্বীকার করে জানান, ছোট ভাই সাইফুল ইসলামের আদর্শ বাস্তবায়ন ও তাঁর রেখে যাওয়া অসম্পন্ন কাজ শেষ করার জন্য নির্বাচনে প্রার্থী হয়েছেন। আরেক ছোট ভইয়ের প্রতিদ্বন্দ্বী হওয়া প্রসঙ্গে বলেন, ‘সে কী জন্য প্রার্থী হলো, তা বুঝতে পারছি না। ভোটাররা যাঁকে চাইবেন, তাঁকেই নির্বাচিত করবেন।’ নির্বাচন থেকে সরে আসবেন না বলে জানিয়েছেন তিনি।

ছোট ভাই শহিদুল ইসলামও একই কথা বলেছেন। তিনি বলেন, নির্বাচনে সাইফুল ইসলামের ভাবমূর্তিকে কাজে লাগাবেন। এলাকার ভোটাররা তাঁর প্রতি দুর্বল ছিল। এ কারণে ছোট ভাই হিসেবে তিনি সে সুযোগটা হাতছাড়া করবেন না বলে জানিয়েছেন।

সেরুয়া বেগম জানান, তাঁর স্বামীর ইমেজকে প্রচার করে ভোট চাইছেন। একই পরিবার থেকে তিনজনের প্রার্থীতার কথা স্বীকার করেছেন। তিনি জানান, আমানতুল্যাহ তাঁর ভাশুর (স্বামীর বড় ভাই) এবং শহিদুল ইসলাম দেবর।

স্থানীয় ২৬ জন ভোটারের সঙ্গে আলাপ করে জানা যায়, একই পরিবারের তিনজন প্রার্থীকে নিয়ে তাঁরা রীতিমত বিব্রত। সবাই প্রয়াত সাইফুল ইসলামের ভাবমূর্তিকে ব্যবহার করে প্রচার চালাচ্ছেন বলে তাঁরা কাকে ভোট দেবেন, সিদ্ধান্ত নিতে পারছেন না।

উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা জানিয়েছেন, ৯ নম্বর ওয়ার্ড থেকে সাধারণ কাউন্সিলর পদে দুই সহোদরসহ ছয়জন এবং সংরক্ষিত ওয়ার্ডে সেরুয়া বেগমসহ পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।