একই সঙ্গে যুবদল ও ছাত্রদলের পদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলা ছাত্রদলের সভাপতি শাহিন রেজা ও ভবানীগঞ্জ পৌরসভা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান একই সঙ্গে যুবদলেরও গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করছেন। ওই দুই ব্যক্তি দুটি সংগঠনের পদে থাকায় সাধারণ নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিএনপির জেলা কমিটির এক নেতার আস্থাভাজন হওয়ায় তাঁদের উভয় সংগঠনের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে বলে অভিযোগ করেছেন নেতা-কর্মীরা।
ছাত্রদলের জেলা শাখার কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, তিন বছর ধরে শাহিন রেজা বাগমারা উপজেলা এবং আতিকুর রহমান ভবানীগঞ্জ পৌরসভা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। শাহিন রেজার নেতৃত্বে উপজেলার সব ইউনিয়ন ও আতিকুর রহমানের নেতৃত্বে পৌরসভার সব ওয়ার্ডের কমিটি গঠন করা হয়। এ অবস্থায় গত ২০ আগস্ট জেলা কমিটির এক সভার মাধ্যমে শাহিন রেজাকে বাগমারা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও আতিকুর রহমানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। ওই দিনই স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানানো হয়। এর পর থেকে তাঁরা একই সঙ্গে দুটি সংগঠনের দায়িত্ব পালন করছেন। এর আগে শহিদুজ্জামান উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও আফজাল হোসেন সাংগঠনিক সম্পাদকের পদে ছিলেন।
আতিকুর রহমান বলেন, ‘জেলা কমিটি আমাকে এ দায়িত্ব দিয়েছে। তাই ফেলতে পারিনি। ছাত্রদল থেকে অব্যাহতি বা কমিটি ভেঙে দেওয়া হয়নি। এ জন্য একই সঙ্গে যুবদল ও ছাত্রদলের দায়িত্ব পালন করছি।’ যোগাযোগ করা হলে শাহিন রেজাও একই ধরনের মন্তব্য করেন।
এদিকে তাঁদের যুবদল ও ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক সাধারণ নেতা-কর্মী। উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বলেন, ‘নেতা-কর্মীরা যেখানে পদ নেওয়ার জন্য মারামারি করছে, সেখানে জেলা কমিটি নতুন নেতৃত্ব সৃষ্টি না করে দুজনকে দুই সংগঠনের পদ দিয়ে রেখেছে।’
নাম প্রকাশ না করার শর্তে ছাত্রদলের কয়েকজন কর্মী জানান, কিছু দিনের মধ্যেই তাঁদের ছাত্রত্ব শেষ হবে। যোগ্যতা থাকার পরও তাঁরা সভাপতির পদে যেতে পারবেন না। তাঁরা অভিযোগ করেন, জেলা বিএনপির এক নেতার কারণে ওই দুজনকে দুটি সংগঠনের পদে বসানো হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিজ্জামান বলেন, একই সঙ্গে দুটি সংগঠনের পদে থাকার ঘটনা শুধু বাগমারায় নয়, দেশে এ রকম ঘটনা আরও অনেক আছে।
উপজেলা যুবদলের সভাপতি কামাল হোসেন বলেন, শাহিন রেজা উপজেলা যুবদলের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক ও আতিকুর রহমান সাংগঠনিক সম্পাদক। ছাত্রদলের পদে থাকার পরেও কেন তাঁদের যুবদলের পদে রাখা হয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে জেলা কমিটি বলতে পারবে।’