একই স্থানে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ জানুয়ারি সামনে রেখে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা আওয়ামী লীগ ও বিএনপি একই দিন একই সময়ে পাল্টাপাল্টি সমাবেশ ডেকেছে। এতে শহরে উত্তেজনা বিরাজ করছে।
৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ অভিহিত করে কাল সোমবার বেলা তিনটায় আলতাফুন্নেছা খেলার মাঠে সমাবেশ করার কথা জানিয়ে প্রশাসনকে চিঠি দিয়েছে জেলা বিএনপি। অন্যদিকে দিনটিকে ‘গণতন্ত্র রক্ষা দিবস’ দাবি করে একই স্থানে সমাবেশের কথা জানিয়ে শহরে মাইকিং করছে বগুড়া শহর আওয়ামী লীগ। ইতিমধ্যে প্রশাসনের কাছে চিঠি দিয়েছে শহর আওয়ামী লীগ। সমাবেশ ঘিরে শহরে চরম উত্তেজনা বিরাজ করছে।
জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম গতকাল সন্ধায় প্রথম আলোকে বলেন, জেলা বিএনপি বরাবরই শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে সমাবেশ আয়োজন করে আসছে। ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবসে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আলতাফুন্নেছা খেলার মাঠে সমাবেশ ডাকা হয়েছে। নিয়ম অনুযায়ী, এই মাঠে সমাবেশ করার জন্য দুই সপ্তাহ আগে বগুড়া পৌরসভা থেকে অনুমতি নেওয়ার পর অন্তত ১০ দিন আগে তা চিঠি দিয়ে জেলা ও পুলিশ প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বিএনপির পূর্বঘোষিত এই সমাবেশস্থলে পাল্টা সমাবেশের কথা জানিয়ে বগুড়া শহর আওয়ামী লীগ গতকাল থেকে মাইকিং করছে। তবে বিএনপি যেকোনো মূল্যে ওই দিন আলতাফুন্নেছা খেলার মাঠে সমাবেশ করবে।
শহর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ খান বলেন, ৫ জানুয়ারি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরে গণতন্ত্রের বিজয় শোভাযাত্রা এবং বেলা তিনটায় আলতাফুন্নেছা খেলার মাঠে দলের পক্ষ থেকে সমাবেশ ডাকা হয়েছে। এ সমাবেশের কথা জানিয়ে দুদিন ধরে মাইকিং করছে শহর আওয়ামী লীগ। সমাবেশ আয়োজনের কথা জানিয়ে দলের পক্ষ থেকে প্রশাসনে চিঠিও দেওয়া হয়েছে। যেহেতু এটা আওয়ামী লীগের পূর্বঘোষিত কর্মসূচি, সেহেতু যেকোনোভাবে সমাবেশ সফল করা হবে।
বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক বলেন, আলতাফুন্নেছা খেলার মাঠে ৫ জানুয়ারি বেলা তিনটায় সমাবেশ করার কথা জানিয়ে শহর আওয়ামী লীগ ও জেলা বিএনপি আলাদাভাবে পুলিশ প্রশাসনে চিঠি দিয়েছে। দুই দলের চিঠি শুক্রবার হাতে পেয়েছি। বিবদমান দুই পক্ষ একই স্থানে কর্মসূচি দেওয়ায় শহরে উত্তেজনা বিরাজ করছে। পাশাপাশি আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতির কথা রোববার (আজ) পুলিশের পক্ষ থেকে জেলা প্রশাসনকে চিঠি দিয়ে জানানো হবে। পরবর্তী পদক্ষেপ জেলা প্রশাসনই নেবে।
জানতে চাইলে বগুড়া পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি এ কে এম মাহবুবুর রহমান বলেন, ‘আলতাফুন্নেছা খেলার মাঠে সমাবেশ আয়োজনের জন্য কোনো রাজনৈতিক দল অনুমতি নিয়েছে কিনা তা জানা নেই। কার্যালয় খুললে বিষয়টি জানাতে পারব।’