নরসিংদী সদর উপজেলায় একই স্থানে আওয়ামী লীগের দুই পক্ষের কর্মসূচি আহ্বান করায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশ বন্ধ করে দেয় স্থানীয় উপজেলা প্রশাসন।
গতকাল শনিবার বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত শহরের দত্তপাড়ায় নরসিংদী পাইলট উচ্চবিদ্যালয় ও এর আশপাশের ৫০০ গজ এলাকায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
উপজেলা প্রশাসন সূত্র ও নেতা-কর্মীরা জানান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে ১৭ ডিসেম্বর শহরের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঝন্টু সরকারকে সভাপতি ও গৌতম সাহাকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেন। গতকাল বেলা তিনটায় নরসিংদী পাইলট উচ্চবিদ্যালয় মাঠে নবগঠিত ওই কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠান আহ্বান করা হয়।
অপর দিকে নবনির্বাচিত ওই কমিটির প্রতি অনাস্থা জানিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামানের নেতৃত্বে একই জায়গায় একই সময়ে পুনরায় ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আহ্বান করা হয়। এতে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ওই বিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিনা বেগম বলেন, একই জায়গায় দুই পক্ষের কর্মসূচি আহ্বান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় নরসিংদী পাইলট উচ্চবিদ্যালয় এবং এর আশপাশের ৫০০ গজ এলাকার মধ্যে সব ধরনের মিছিল, সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়।