একই স্থানে আ.লীগের দুই পক্ষের কর্মসূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় শহীদ মিনার চত্বরে আজ বুধবার পাল্টাপাল্টি সমাবেশের ডাক দিয়েছে উপজেলা আওয়ামী লীগের দুটি পক্ষ। নান্দাইলে আওয়ামী লীগের সাবেক সাংসদ ও বর্তমান সাংসদের পক্ষ আলাদাভাবে সেখানে সমাবেশ করার জন্য প্রশাসনের কাছে অনুমতিও চেয়েছে।
গত শনিবার নান্দাইলের সাবেক সাংসদ আবদুস সালামের গাড়িতে হামলা ও তাঁকে হত্যাচেষ্টার প্রতিবাদে আজ সকাল ১০টার দিকে সমাবেশের অনুমতি চায় উপজেলা আওয়ামী লীগের একাংশ। একই দলের আহ্বায়ক কমিটির ব্যানারে সদস্যদের পরিচিতি সভার নামে একই সময়ে সমাবেশের অনুমতি চায় অপর পক্ষ। এর আগে গত সোমবার রাতে নান্দাইল পৌরসভার পুরান বাজার এলাকার মোরগ মহালে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিলের প্রস্তুতি নেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। আবার দুই পক্ষ পাল্টা কর্মসূচি ঘোষণা করায় শহরে উত্তেজনার পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া বলেন, তাঁরা দলের সভাপতি ও সাবেক সাংসদ মেজর জেনারেল (অব.) আবদুস সালামের ওপর সন্ত্রাসী হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে সভা এবং বিক্ষোভ মিছিল করার অনুমতি চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করেছেন।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ বলেন, ‘আহ্বায়ক কমিটির পরিচিতি সভা করার জন্য আমরা প্রশাসনের কাছ থেকে অনুমতি চেয়েছি।’
ইউএনও মোহাম্মাদ শাহানুর আলম গতকাল মঙ্গলবার বলেন, বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মতামত নিয়ে তিনি জেলা প্রশাসককে জানিয়েছেন। অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।
ওসি আতাউর রহমান বলেন, একই স্থানে বিবদমান দুটি পক্ষ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটার আশঙ্কার কথা উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তিনি ইউএনওকে জানিয়েছেন।
গত শনিবার উপজেলার চকমতি নতুন বাজারে মুশুলি ইউনিয়ন আওয়ামী লীগ ও বর্তমান সাংসদ আনোয়ারুল আবেদিন খানের সমর্থকেরা উপজেলা আহ্বায়ক কমিটির ব্যানারে পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণা দেন। সংঘর্ষ এড়াতে উপজেলা প্রশাসন ওই স্থানে ১৪৪ ধারা জারি করে। এ সংবাদ পেয়ে সমাবেশে যোগ না দিয়ে সাবেক সাংসদ আবদুস সালাম গাড়ি ঘুরিয়ে নান্দাইল সদরে ফিরে যাওয়ার সময় চৌরাস্তা এলাকায় তাঁর গাড়িতে একদল লোক হামলা চালায়।
গত ২১ নভেম্বর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হোসাইন জাহাঙ্গীরের সই করা গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নান্দাইল উপজেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত করে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সাংসদ আনোয়ারুল আবেদিন খানকে আহ্বায়ক ও হাসান মাহমুদকে যুগ্ম আহ্বায়ক করে ৬২ সদস্যের কমিটি করা হয়েছে। এর পাঁচ দিন পর কেন্দ্র থেকে আগের কমিটি বহাল থাকার নির্দেশনা আসে। এরপর থেকে দুই পক্ষই পাল্টাপাল্টি সাংগঠনিক কর্মসূচি ঘোষণা করে আসছে।