একই স্থানে আ.লীগের ২ পক্ষের সম্মেলনে ১৪৪ ধারা
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের সাইটুটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দুই পক্ষের পাল্টাপাল্টি সভা আহ্বানকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ শুক্রবার বেলা দুইটায় ওই মাঠে জাফরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা ছিল।
একই সময়ে দুই পক্ষ মাঠে জমায়েতের প্রস্তুতি নিচ্ছে, এমন খবর পেয়ে থানা পুলিশের পাশাপাশি কিশোরগঞ্জ থেকে দাঙ্গা পুলিশ গিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় টহল জোরদার করেছে। যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কার কথা জানিয়েছেন স্থানীয় কয়েকজন।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, করিমগঞ্জ আওয়ামী লীগে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের বিরোধ চলছিল। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাসিরুল ইসলাম খান সাইটুটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাফরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের স্থান নির্ধারণ করে বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছিলেন।
এর জবাবে করিমগঞ্জ উপজেলার বাসিন্দা ও কিশোরগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম একই দিনে একই স্থানে ওই ইউনিয়নের সম্মেলন আহ্বান করেন। ফলে বিবদমান দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে কথা হলে করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাসিরুল ইসলাম খান বলেন, ‘আমি উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হিসেবে জাফরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করি। একটি পক্ষ চক্রান্ত করে দলে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য পাল্টা কর্মসূচি ঘোষণা করে তাদের স্বরূপ উন্মোচন করেছে।’
জেলা শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, ‘আহ্বায়ক জেলা কমিটির সিদ্ধান্তকে সম্মান না দেখিয়ে নিজের ইচ্ছামতো রাজনীতি করছেন। তিনি আমাদের ধার ধারেন না। তাই দলের মঙ্গলের জন্য বাধ্য হয়ে আমরা এ ব্যবস্থা নিয়েছি।’
যোগাযোগ করা হলে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম কবির বলেন, ‘একই স্থানে দুটি পক্ষের সমাবেশ ডাকার ফলে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা ছিল। তাই আজ দুপুর একটা থেকে ওই এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।’
মোবাইল ফোনে কথা হলে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। থানায় কোনো মামলা হয়নি।