একই স্থানে জাসদ-যুবলীগের জনসভা নিয়ে উত্তেজনা
কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) পূর্বনির্ধারিত জনসভার স্থলে জনসভা করার ঘোষণা দিয়েছে যুবলীগ। এ নিয়ে স্থানীয় জাসদ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। পুলিশ প্রশাসন বলছে, আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা দেখে দিলে জনসভাস্থলে ১৪৪ ধারা জারি হতে পারে।
প্রশাসন, জাসদ ও যুবলীগ সূত্রে জানা গেছে, উপজেলা জাসদ আগামীকাল রোববার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে জনসভা করার জন্য ১৫ দিন আগে ঘোষণা দিয়েছিল। জনসভা নিয়ে পোস্টার-মাইকিংসহ সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন করেছেন জাসদের নেতা-কর্মীরা। ওই জনসভায় প্রধান অতিথি হিসেবে জাসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর থাকার কথা। ইতিমধ্যে তিনি আজ শনিবার রাতেই কুষ্টিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন।
এদিকে আজ বিকেলে পিয়ারপুর ইউনিয়ন যুবলীগ একই স্থানে ও একই সময়ে জনসভা আহ্বান করে এলাকায় মাইকিং করেছে। এই জনসভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল হক চৌধুরী। এ ছাড়া উপজেলা যুবলীগ ও আওয়ামী লীগের নেতারাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। হঠাৎ করে একই স্থানে ও একই সময়ে দুই পক্ষের জনসভা নিয়ে উভয় দলের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
জানতে চাইলে রাতে কেন্দ্রীয় জাসদের জনসংযোগবিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলার বাসিন্দা শরিফুল কবির স্বপন প্রথম আলোকে বলেন, ‘জাসদের জনসভা পূর্বনির্ধারিত। জনসভার জন্য পুলিশের অনুমতিসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিদ্যালয় মাঠে মঞ্চ-প্যান্ডেলসহ সব আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান অতিথির বক্তব্য দিতে ইতিমধ্যে তথ্যমন্ত্রী ঢাকা থেকে রওনা হয়েছেন। এখন যুবলীগ কী কারণে একই স্থানে জনসভার ঘোষণা দিয়েছে, তা বোধগম্য হচ্ছে না। আমরা জনসভার জন্য সব রকম পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত আছি।’
পিয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউসুফ লালু প্রথম আলোকে বলেন, স্থানীয় যুবলীগ কামালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে সভা ডেকেছে। খালেদা জিয়ার রায় নিয়ে বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। তাই কেন্দ্রীয় নেতা ও উপজেলা আওয়ামী লীগের নির্দেশে এই সভা ডাকা হয়েছে।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু রাতে মোবাইলে প্রথম আলোকে বলেন, ‘আমি দুই থেকে আড়াই ঘণ্টার মধ্যে ভেড়ামারায় নিজ বাড়িতে পৌঁছাব। আমাদের মিটিং পূর্বনির্ধারিত মিটিং, মাইকিং হচ্ছে, সুতরাং কেউ ওখানে হুট করে কিছু করলে প্রশাসন সেটা দেখবে। এর বেশি কিছু জানি না।’
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বলেন, ‘১৪৪ ধারা জারির প্রস্তুতি চলছে। এ ব্যাপারে ইউএনও দেখছেন। একই জায়গায় দুটি দলের সভা ডাকায় সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। জাসদ সভা করার জন্য কোনো অনুমতি নেয়নি। আর আমার কাছে অনুমতি নেবে কেন? সভা ডাকতে হলে ডিসির কাছে, এসপির কাছে অনুমতি নেবে। আমি অনুমতি দেওয়ার কেউ না।’
তথ্যমন্ত্রীর কর্মসূচির তালিকা পেয়েছেন কি না, জানতে চাইলে ওসি শাহ দারা খান বলেন, ‘চিঠি পেয়েছি মনে হয়। কিন্তু বিপরীত পক্ষও তো সভা ডেকে ফেলেছে। এ কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে।’
এ ব্যাপারে জানতে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌফিকুর রহমানের মোবাইলে যোগাযোগ করা হলে মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া গেছে।