একই স্থানে বিএনপির দুই পক্ষের কর্মসূচি ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগর বাজারে বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীরা একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ডেকেছেন আজ সোমবার। সম্ভাব্য সংঘাত এড়াতে আজ সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মধ্যনগর বাজার ও বাজার-সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
এর আগে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বিএনপির দুই পক্ষের সমাবেশকে কেন্দ্র করে গত শনিবার সন্ধ্যা থেকে গতকাল রোববার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছিল।
ধরমপাশা উপজেলায় গতকাল রোববার বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে ১৪৪ ধারা জারির ঘোষণা দেওয়া হয়। দুই পক্ষের অন্তত ১০ জন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি রফিক চৌধুরী ও আবদুল মোতালিব খানের মধ্যে দলীয় বিরোধ চলে আসছে। আজ সোমবার দুপুর ১২টায় উপজেলার মধ্যনগর মধ্যবাজারে রফিক চৌধুরী-সমর্থিত মধ্যনগর ইউনিয়ন বিএনপি ও চামরদানী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আহ্বান করা হয়। একই স্থানে একই সময়ে আবদুল মোতালিব খান-সমর্থিত নেতা-কর্মীরা মধ্যনগর থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আহ্বান করেন। এ নিয়ে দুই পক্ষের নেতা-কর্মীরা তিন-চার দিন ধরে মাইকিং করে এ কর্মসূচির প্রচারণা চালিয়ে আসছিলেন। এ অবস্থায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলা প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করেছে।
এদিকে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় গত শনিবার সন্ধ্যায় ১৪৪ ধারার আদেশ জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. মুর্শিদুল ইসলাম।
হাজীগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কালোচোঁ দক্ষিণ ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে গতকাল রোববার বিকেলে স্থানীয় রামপুর উচ্চবিদ্যালয়ের মাঠে সমাবেশের আয়োজন করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হকের সমর্থকেরা। একই স্থানে সভা আহ্বান করেন উপজেলা বিএনপি আহ্বায়ক আলমগীর কবির পাটওয়ারী সমর্থিত নেতা-কর্মীরা। সমাবেশের জন্য গত শনিবার উভয় পক্ষ থেকে এলাকায় মাইকিংসহ প্রশাসনের কাছে অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল।