ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রতিটি ওয়ার্ডে একক কাউন্সিলর প্রার্থী দেওয়ার দলীয় সিদ্ধান্ত থাকলেও গতকাল শনিবার পর্যন্ত তা করতে পারেনি আওয়ামী লীগ। আজ রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, দলের দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ নেতারা স্থানীয় নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেও কাউন্সিলর প্রার্থী ঠিক করতে পারছেন না। প্রতি ওয়ার্ডে গড়ে পাঁচ-ছয়জন করে প্রার্থী দলীয় সমর্থন চাইছেন।
এ পরিস্থিতিতে সঠিক প্রার্থী বাছাই করতে নেতারা হিমশিম খাচ্ছেন। পছন্দের প্রার্থীর বাইরে অন্য প্রার্থীদের নিবৃত্ত করা অনেকটা দুরূহ কাজ বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। তবে ৯ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের আগেই একক কাউন্সিলর প্রার্থী দিতে পারবেন বলে তাঁরা আশা প্রকাশ করছেন।
ঢাকা-১০ ও ১৩ আসনের কাউন্সিলর প্রার্থী ঠিক করার দায়িত্ব পেয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘সমর্থনপ্রত্যাশীদের সঙ্গে আমার দুই দফা বৈঠক হয়েছে। আমরা একক প্রার্থী দিতে সক্ষম হব। কিছু ওয়ার্ডে সমস্যা থাকলেও তা মনোনয়নপত্র প্রত্যাহারের আগেই ঠিক করা সম্ভব হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউন্সিলর প্রার্থী ঠিক করার ক্ষেত্রে নেতাদের একটা দিকনির্দেশনা দিয়েছেন। তা হচ্ছে ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকদের কাউন্সিলর পদে সমর্থন করা যাবে না। আবার কাউন্সিলর প্রার্থীদের ওয়ার্ড সভাপতি বা সাধারণ সম্পাদক করা যাবে না। বেশ কিছু ওয়ার্ডের কাউন্সিল হলেও এখন পর্যন্ত কমিটি অনুমোদন পায়নি। সিটি নির্বাচনের পর মহানগরের কমিটি গঠন করা হবে।
এ ছাড়া দায়িত্বপ্রাপ্ত নেতারা প্রার্থী সমর্থনের ক্ষেত্রে দলীয় ও কয়েকটি সংস্থার জরিপ প্রতিবেদন, প্রার্থীর অতীত কর্মকাণ্ড এবং ব্যক্তিগত জনপ্রিয়তা—এসব মানদণ্ড বিবেচনায় নেওয়া হচ্ছে।
ঢাকা-৬, ৭, ১২ ও ১৮ আসনে দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্লাহ, শেখ ফজলুল করিম সেলিম ও সাহারা খাতুন। প্রার্থী সমর্থনের বিষয়টি কোন পর্যায়ে আছে, জানতে চাইলে শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘প্রতি ওয়ার্ডে গড়ে পাঁচ-ছয়জন করে প্রার্থী পাওয়া যাচ্ছে। তাঁদের সঙ্গে বৈঠক করেছি। ৯ এপ্রিলের মধ্যে একক প্রার্থী দেওয়া সম্ভব হবে বলে আশা করছি।’
ঢাকা-১১ ও ১৭ আসনের দায়িত্ব পেয়েছেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ ফারুক খান। তিনি বলেন, তাঁর এলাকায় প্রতি ওয়ার্ডে চারজন করে প্রার্থী পাওয়া গেছে। একক প্রার্থী দেওয়ার চেষ্টা করছেন।
প্রার্থী বাছাইয়ের জন্য ঢাকা-৪, ৫, ৮ ও ৯ আসনে দায়িত্ব পেয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ঢাকা-১৪, ১৫ ও ১৬ আসনের দায়িত্বে আছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। খোঁজ নিয়ে জানা গেছে, এসব আসনেও কাউন্সিলর প্রার্থী ঠিক করতে পারেননি দায়িত্বপ্রাপ্ত নেতারা।
এ ছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে সমন্বয়ক করে প্রার্থীদের সমর্থনে প্রচার-প্রচারণার জন্য একটি কমিটি করা হয়েছে। কমিটির অন্যরা হলেন মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, বাহাউদ্দিন নাছিম, হাবিবুর রহমান সিরাজ, মির্জা আজম।