একক নির্বাচনের ঘোষণা দিয়ে জোট গড়ার তোড়জোড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এককভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন করার ঘোষণা দেওয়ার দুই মাসের মাথায় নতুন রাজনৈতিক জোট গঠনের তোড়জোড় শুরু করল জাতীয় পার্টি (জাপা)। গতকাল মঙ্গলবার সকালে দলের বনানী কার্যালয়ে কয়েকটি দলের সঙ্গে মতবিনিময় করেন জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ।
দলটির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, আজ বুধবার বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। দলটি নির্বাচন কমিশনে নিবন্ধিত। এর আগে আরও দুটি নিবন্ধিত ইসলামি দলের নেতাদের সঙ্গে কথা বলেছেন এরশাদ।
এ বিষয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব আবদুল মতিন স্বীকার করেন জাপার চেয়ারম্যানের সঙ্গে তাঁদের একটি অনানুষ্ঠানিক বৈঠক আছে।
জাতীয় পার্টি গতকাল এক বিজ্ঞপ্তিতে বলেছে, জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদের সভাপতিত্বে রাজনৈতিক জোট গঠনের লক্ষ্যে ১৫টি রাজনৈতিক দল মতবিনিময় সভায় অংশ নেয়। দলগুলো হলো বাংলাদেশ লেবার পার্টি, আমজনতা পার্টি, গণতান্ত্রিক ন্যাশনাল আওয়ামী পার্টি, আওয়ামী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ইসলামী ডেমোক্রেটিক পার্টি, কৃষক শ্রমিক পার্টি, ইউনাইটেড মুসলিম লীগ, গণ-অধিকার পার্টি, তফসিল ফেডারেশন, জাতীয় হিন্দু লীগ, সচেতন হিন্দু পার্টি, বাংলাদেশ পিপলস ডেমোক্রেটিক পার্টি (বিপিডিপি) ও ইসলামী গণ-আন্দোলন।