একক নিয়ন্ত্রণ পাহাড়িদের সঙ্গে দূরত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি জেলা আওয়ামী লীগ চলে ‘দাদার’ কথায়। আর এই দাদা হলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। তিনি দলে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় যতটা সফল হয়েছেন, পাহাড়িদের আস্থায় নিতে ততটাই অসফল হয়েছেন দলে সমালোচনা রয়েছে।
দলের দায়িত্বশীল একাধিক সূত্র বলছে, জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদারের কারণে রাঙামাটিতে আওয়ামী লীগের পাহাড়ি ও নাগরিক সংগঠনগুলোর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। যার কারণে ২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচনে সরকারি দলের প্রার্থী দীপংকর তালুকদার হেরে গেছেন ঊষাতন তালুকদারের কাছে। ঊষাতন ছিলেন পাহাড়িদের আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতির (জেএসএস) সমর্থিত প্রার্থী। কেবল জেএসএস নয়, এখানে পাহাড়িদের আরেক অরাজনৈতিক সংগঠন ‘নাগরিক কমিটির’ সঙ্গেও দীপংকর তালুকদারের দূরত্ব তৈরি হয়েছে বলে জানা গেছে।
দশম সংসদ নির্বাচনে এবং উপজেলা পরিষদ নির্বাচনে ১০ উপজেলার মধ্যে আটটিতেই আওয়ামী লীগের প্রার্থী হেরে যাওয়ার পেছনে পাহাড়িদের সঙ্গে দূরত্ব বড় কারণ বলে মনে করছেন দলের স্থানীয় নেতা-কর্মীদের অনেকে। এ নিয়ে আওয়ামী লীগের অনেকের মধ্যে চাপা অসন্তোষ থাকলেও কেউ নাম প্রকাশ করে মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে দীপংকর তালুকদার প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগের অনেক পাহাড়ি সদস্য মনে করেন, জনসংহতি সমিতি তো পাহাড়িদের কথা বলে, তাদের সঙ্গে একটু ভালো সম্পর্ক রাখলে খারাপ কী। আবার অনেক বাঙালি মনে করেন, সমঅধিকার আন্দোলন বাঙালিদের কথা বলে, তাই তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখলে খারাপ কী। আসলে এই দুটি সংগঠনের কোনোটার সঙ্গেই আওয়ামী লীগের আদর্শের মিল নেই। আওয়ামী লীগ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে।’
জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৫ জন নেতা-কর্মী ও সমর্থকের সঙ্গে এ প্রতিবেদকের কথা হয়। তাঁরা দীপংকর তালুকদারের একচ্ছত্র ক্ষমতার ব্যাপারে ক্ষোভের কথা জানান। তাঁদের অভিযোগ, দীপংকর তালুকদার এককভাবে দলের সব সিদ্ধান্ত নেন। তাঁর বিরুদ্ধে যেন আন্দোলন না হয়, সে জন্য দলকে ছোট ছোট উপদলে ভাগ করে রেখেছেন।
অবশ্য দীপংকর তালুকদার দাবি করেন, দলে আলোচনা না করে তিনি কোনো সিদ্ধান্ত নেন না। আর বড় দল হিসেবে উপদল থাকতেই পারে। তারপরও গণতান্ত্রিক ধারা বজায় রেখে মূল দলসহ সহযোগী সংগঠনগুলোর সম্মেলন যথাসময়ে আয়োজন করা হয়।
রাঙামাটি জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয় ২০১২ সালে ৮ ডিসেম্বর। এতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় দীপংকর তালুকদার সভাপতি পদে পুনর্নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে নির্বাচন হয়। এতে দীপংকর তালুকদারের অনুসারী হিসেবে পরিচিত মো. কামাল উদ্দিন হেরে যান। সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. মুছা মাতব্বর। পরে দীপংকর তালুকদার পূর্ণাঙ্গ কমিটি করে অনুমোদনের জন্য কেন্দ্রীয় কমিটিতে পাঠান। কিন্তু তা অনুমোদন পায় ২০১৪ সালের ৫ অক্টোবর। পূর্ণাঙ্গ কমিটি নিয়ে জেলার কয়েকজন নেতার আপত্তির কারণে প্রায় দুই বছর পর অনুমোদন ঝুলে ছিল বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।
অভিযোগ রয়েছে, পূর্ণাঙ্গ কমিটি হলেও এখানে দলের পূর্ণাঙ্গ ক্ষমতা ‘দাদা’ দীপংকর তালুকদারের হাতে। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জমির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘জেলা আওয়ামী লীগের সব কর্মকাণ্ড দাদানির্ভর। দলে অন্যদের মতামতের কোনো মূল্য নাই। তিনি যা বলেন সবাই তা করতে বাধ্য। আমি সাংগঠনিক সম্পাদক, কিন্তু জানি না আমার কাজ কী।’
এদিকে ২০১৪ সালের শেষ দিকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে চেয়ারম্যান ও সদস্য মনোনয়ন নিয়ে স্থানীয় নেতা-কর্মীদের ক্ষোভ আছে। ভবিষ্যতে দীপংকর তালুকদারের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারেন, এমন আশঙ্কায় জেলা সদরের কাউকে না করে বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষ কেতু চাকমাকে জেলা পরিষদের চেয়ারম্যান করা হয়েছে। এখন জেলা পরিষদের গাড়ি ব্যবহার করেন দীপংকর তালুকদার। গাড়ি ব্যবহারের কথা স্বীকার করে দীপংকর তালুকদার দাবি করেন, ‘সাবেক মন্ত্রী হিসেবে আমার তিন বছর সরকারি প্রটোকল প্রাপ্য।’
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জমির উদ্দিন জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য মনোনয়ন নিয়ে দলে ক্ষোভ থাকার কথা স্বীকার করেন। তিনি বলেন, জেলায় দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হলে এ নিয়ে কথা উঠত না।
অবশ্য দীপংকর তালুকদার দাবি করেন, জেলা ও উপজেলা পর্যায়ের নেতা এবং যাঁরা জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য হতে আগ্রহী ছিলেন, তাঁদের সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, বড় দল হিসেবে অনেক আলোচনা-সমালোচনা থাকতে পারে। তারপরও এখানে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা ভালো।