একক নিয়ন্ত্রণ বনাম কোন্দল, মামলা বনাম সমঝোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ জেলা বিএনপি চলছে সভাপতি ইকবাল হাসান মাহমুদের একক নিয়ন্ত্রণে। তিনি সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা। দলটির বাকি চিত্র হলো: কোন্দল, মামলা, গ্রেপ্তার আতঙ্ক, পলায়ন ও নির্বাসন। ফলশ্রুতিতে নেতা-কর্মীরা হতাশ, নিষ্ক্রিয়।
বিএনপি নেতাদের দাবি, বিগত ৫ জানুয়ারির নির্বাচন প্রতিহতের আন্দোলনে সারা দেশের মতো সিরাজগঞ্জেও বিএনপি সুবিধা করতে পারেনি। সর্বশেষ গত জানুয়ারি থেকে করা আন্দোলনের সময় হওয়া মামলার কারণে নেতা-কর্মীদের অনেকেই গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন। অনেকে কারাগারে আছেন। কেউ কেউ ঢাকায় বসবাস করছেন। কেউ কেউ, বিশেষ করে জনপ্রতিনিধিরা সরকারদলীয় নেতাদের সঙ্গে সমঝোতা করে টিকে আছেন।
এ অবস্থায় জেলা বিএনপির কার্যালয় কার্যত সব সময় বন্ধই থাকছে। তবে কেন্দ্রীয় বিশেষ কোনো কর্মসূচি থাকলে কিছু সময়ের জন্য খোলা হয়। সর্বশেষ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে হাতে গোনা কয়েকজন নেতা-কর্মী জড়ো হয়ে দোয়া অনুষ্ঠান করেছেন।
দলীয় সূত্র জানায়, ২০১০ সালে সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ শহরে সম্মেলনের আয়োজন করা হলেও দুই দিন আগে হঠাৎ তা ২০ কিলোমিটার দূরে হাটিকুমরুল হাইওয়ের একটি হোটেলে স্থানান্তর করা হয়। সেখানে ইকবাল হাসান মাহমুদকে সভাপতি এবং মো. মোকাদ্দেস আলীকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের কমিটি গঠন করা হয়। জ্যেষ্ঠ একাধিক নেতার অভিযোগ, এককভাবে কমিটি গঠন করা না হলে আরও অনেক ত্যাগী নেতা কমিটিতে স্থান পেতে পারতেন। দল সাংগঠনিকভাবে শক্তিশালী হতো।
সম্মেলনকেন্দ্রিক নানা তথ্য উদ্ধৃত করে তৃণমূল নেতা-কর্মীরা জানান, সিরাজগঞ্জ জেলা বিএনপিতে মূলত দুটি ধারা বিরাজ করছে। একদিকে সভাপতি ইকবাল হাসান মাহমুদ। আর ‘পদবঞ্চিত ও উপেক্ষিত নেতা-কর্মীরা’ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। কারণ ওই ‘একতরফা কমিটি’ পাঁচ বছর পার করছে। পাশাপাশি উপজেলাগুলোর কমিটিও এখন মেয়াদোত্তীর্ণ।
দলীয় সূত্র জানায়, কোন্দলের কারণে বেলকুচি উপজেলা বিএনপির সম্মেলনই করা যায়নি। উল্লাপাড়া উপজেলা বিএনপি দ্বিধাবিভক্ত। সাবেক সাংসদ উপজেলা বিএনপির সভাপতি আকবর আলী একটি পক্ষের এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আজাদুর রহমান অপর একটি পক্ষের নেতৃত্ব দিচ্ছেন। দলের অঙ্গসংগঠনগুলোও অকার্যকর। দীর্ঘদিন ধরে ছাত্রদল চলছে আহ্বায়ক কমিটি দিয়ে। যুবদলের কমিটি মেয়াদোত্তীর্ণ। কৃষক দল, মুক্তিযোদ্ধা দল, মৎস্যজীবী দল, তাঁতী দল, ওলামা দলের কোনো তৎপরতা নেই।
সাবেক মেয়র টি আর এম নূর-ই-আলম হেলাল বলেন, সিরাজগঞ্জ জেলাটি বিএনপির নিয়ন্ত্রণে ছিল। নেতৃত্বের দুর্বলতার কারণে বর্তমানে পিছিয়ে পড়ছে। এককভাবে করা পকেট কমিটির নেতারা দিকনির্দেশনা দিতে ব্যর্থ হয়েছেন। তাঁরা সরকারবিরোধী আন্দোলনের সময় ঢাকায় ছিলেন।
নূর-ই-আলম অভিযোগ করেন, পকেট কমিটি করতে গিয়ে অনেক নেতাকে বঞ্চিত রাখা হয়েছে। ২৭ বছর জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা হুমায়ন ইসলাম খানকে একটা সদস্যপদও দেওয়া হয়নি। তাঁকেসহ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মেজর (অব.) হানিফ, সাবেক যুগ্ম আহ্বায়ক মির্জা মোস্তফা জামান, ছাত্রদলের সাবেক সভাপতি রহমতুল্লাহ আইয়ূবসহ অনেক নেতাকে পদবঞ্চিত করে রাখা হয়েছে। জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ আবদুল মান্নানকে সহসভাপতি এবং সাবেক সহসভাপতি সাইফুল ইসলামকে সাধারণ সদস্য করা হয়েছে। এসব নিয়ে নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ আছে।
জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক মির্জা মোস্তফা জামান বলেন, দলীয় কোন্দল আর নেতা-কর্মীদের অবমূল্যায়নের কারণে দলটি অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। দলকে ব্যক্তির প্রভাবমুক্ত করা না হলে ভবিষ্যতে সিরাজগঞ্জ বিএনপিকে মূল্য দিতে হবে।
তবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজগঞ্জের পৌর মেয়র মো. মোকাদ্দেছ আলী বলেন, ‘মামলা-মোকদ্দমার কারণে আমরা সভা-সমাবেশ করতে পারছি না। যতটুকু পারা যায়, তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করে দলকে চাঙা করার চেষ্টা চলছে।’ পদবঞ্চনার বিষয়ে তিনি বলেন, এসব নেতা-কর্মী একসময় বিএনপি করতেন, এখন করেন না। চায়ের দোকানে বসে বিএনপির সমালোচনা করাই এখন তাঁদের কাজ। এঁরা এখন আওয়ামী লীগের গোপন অনুসারী।
জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বিএনপিকে সিরাজগঞ্জে টিকিয়ে রাখা হয়েছে। বর্তমান সরকার যেভাবে অত্যাচার করেছে, তাতে আমাদের অস্তিত্বই থাকার কথা নয়।’ তিনি বলেন, জেলা বিএনপিতে কোনো কোন্দল নেই। বিরোধিতার জন্য বিরোধিতা করছেন কেউ কেউ। এঁরা শৃঙ্খলা ভঙ্গের কারণে অনেক আগেই দল থেকে বহিষ্কৃত। পদ তো দূরের কথা, এঁরা বিএনপিরই কেউ নন।